
বাংলা রিডার ডেস্ক
মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডকে ‘ঐতিহাসিক রায়’ হিসেবে উল্লেখ করেছে অন্তর্বর্তী সরকার। রায়কে ঘিরে জনমনে সৃষ্ট সংবেদনশীল পরিস্থিতিতে সর্বস্তরের মানুষকে শান্ত, সংযত ও দায়িত্বশীল থাকার আহ্বান জানিয়েছে সরকার।
সোমবার (১৭ নভেম্বর) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, রায়-পরবর্তী উত্তেজনা বা আবেগের কারণে কেউ যেন উচ্ছৃঙ্খলতা, সহিংসতা বা আইনবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত না হয়। সরকার মনে করে, জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের দীর্ঘদিনের প্রত্যাশিত রায় জনমনে আবেগ সৃষ্টি করতে পারে, তবে এই আবেগে প্ররোচিত হয়ে জনশৃঙ্খলা বিঘ্নিত করা যাবে না।
অন্তর্বর্তী সরকার সতর্ক করে জানায়, যেকোনো ধরনের বিশৃঙ্খলা, অরাজকতা বা আইনশৃঙ্খলা ভঙ্গের চেষ্টা কঠোরভাবে দমন করা হবে।
উল্লেখ্য, ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই–আগস্ট ২০২৪-এ সংঘটিত গণহত্যার দায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের আদেশ দেয়। একই মামলায় দোষ স্বীকার ও রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দেওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।



