ইসলামীপন্থী শাসনে সকলের জান মাল মর্যাদা সুরক্ষিত থাকবে: পীর সাহেব চরমোনাই

বাংলা রিডার ডেস্ক
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, অতীতের বিভিন্ন সরকারের শাসনে দেশে দুর্নীতি, সন্ত্রাস ও অর্থপাচার বেড়েছে, মানুষের প্রকৃত আয় কমেছে এবং সার্বিক আর্থ–সামাজিক অবস্থা অবনতি হয়েছে। তিনি দাবি করেন, ২৪ জুলাইয়ের অভ্যুত্থান দেশ পুনর্গঠনের নতুন সুযোগ সৃষ্টি করেছে।

তিনি বলেন, “এখন সময় এসেছে দেশকে হাজার বছরের লালিত ইসলামের আদর্শে গড়ে তোলার। জুলাই ঘটনার পর মানুষ ইসলামের প্রতি নতুন আগ্রহ দেখাচ্ছে। এই সুযোগ কাজে লাগাতে না পারলে আগামী প্রজন্ম আমাদের ক্ষমা করবে না।”

সরকারের সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন, জনগণের দাবিকে উপেক্ষা করে একটি নির্দিষ্ট দলকে সন্তুষ্ট করার জন্য একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চাঁদপুর-৩ আসনের উদ্যোগে আয়োজিত নির্বাচনী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব চরমোনাই এসব মন্তব্য করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী শেখ মুহাম্মদ জয়নাল আবেদিনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন দলের প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ, জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান ও সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদসানী।

এ ছাড়াও বক্তব্য রাখেন জেলা জয়েন্ট সেক্রেটারি শাহজামাল গাজী সোহাগ, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, সহ–সেক্রেটারি মাওলানা নাসির উদ্দিন, সদর উপজেলা সভাপতি ডাক্তার বেলাল হোসেন, হাইমচর উপজেলা সভাপতি ডাক্তার শফিউল্লাহ, শহর সভাপতি মাওলানা আবদুল্লাহ আল–মামুন এবং জেলা ছাত্র আন্দোলনের সভাপতি ডিএম ফয়সাল।

চাঁদপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত এ কর্মশালায় চাঁদপুর সদর, শহর ও হাইমচর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দুই সহস্রাধিক নেতা–কর্মী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

Recommended For You