
বাংলা রিডার ডেস্ক
চাঁদপুরে স্থানীয় দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেছে জেলা জামায়াতে ইসলামী। বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা আমির ও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।
সভা পরিচালনা করেন জেলা সেক্রেটারি ও চাঁদপুর-৩ আসনের প্রার্থী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া। এসময় স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেলা আমির মাওলানা বিল্লাল।
জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট প্রসঙ্গে তিনি বলেন, “জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদকে আইনি স্বীকৃতি দিতে গণভোট আয়োজন জরুরি। এতে আন্দোলনে অংশ নেওয়া তরুণদের আত্মত্যাগ সম্মানিত হবে এবং ভবিষ্যতে ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ করা সম্ভব হবে।”
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে।
“গণমাধ্যমকে নিরপেক্ষ অবস্থান থেকে কাজ করতে হবে। আমাদের কোনো নেতা অপরাধ করলে তা প্রকাশ করা উচিত, তবে কেউ যেন মিথ্যা সংবাদের শিকার না হয়, সে ব্যাপারে সাংবাদিকদের সতর্ক থাকতে হবে।”
সভায় জেলা সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া বলেন, “আমি সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলাম, তাই আপনাদের পেশাগত কষ্ট বুঝি। নির্বাচিত হলে চাঁদপুর-৩ আসনের শিক্ষার মানোন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও শিশুদের বিনোদনের জন্য একটি শিশু পার্ক নির্মাণে কাজ করব।”
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রচার সেক্রেটারি ও পৌর আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান, সদর উপজেলা আমির মাওলানা আবছার উদ্দিন মিয়াজী, ছাত্রশিবিরের জেলা সভাপতি ইব্রাহীম খলিল, শহর সভাপতি জাহিদুল ইসলামসহ জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সভায় চাঁদপুরের স্থানীয় দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার সম্পাদক, প্রকাশক ও টেলিভিশন সাংবাদিকরা অংশ নেন।



