নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, এটি জাতির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত: প্রধান উপদেষ্টা

বাংলা রিডার ডেস্ক
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ এখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে—যা জাতির ইতিহাসে এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বিবেচিত হবে।

বুধবার (১২ নভেম্বর) সকালে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কানাডার সাত সদস্যের সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন কানাডার সিনেটর সালমা আতাউল্লাহজান।

সাক্ষাৎকালে উভয়পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা জোরদার করা, বাংলাদেশের চলমান সংস্কার প্রক্রিয়া এবং রোহিঙ্গা সংকট মোকাবিলায় সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা করেন।

প্রধান উপদেষ্টা বলেন, “আপনারা এমন এক সময় বাংলাদেশে এসেছেন, যখন দেশটি এক ঐতিহাসিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে—একটি তরুণ নেতৃত্বাধীন আন্দোলনের ফলস্বরূপ। এখন আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যা জাতির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হয়ে উঠবে।”

রোহিঙ্গা ইস্যুতে কানাডার দীর্ঘদিনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে ড. ইউনূস বলেন, “রোহিঙ্গা সংকটের আট বছর অতিক্রান্ত হয়েছে। তাদের নিজ দেশে প্রত্যাবর্তনই একমাত্র টেকসই সমাধান। বর্তমানে প্রায় ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে, যাদের ভবিষ্যৎ অনিশ্চিত। আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।”

সিনেটর সালমা আতাউল্লাহজান বলেন, “রোহিঙ্গা ইস্যুটি একটি গুরুত্বপূর্ণ মানবিক উদ্বেগের বিষয়। আমি কানাডার পক্ষ থেকে এ বিষয়ে অব্যাহতভাবে বক্তব্য রাখব। বিশ্বের উচিত রোহিঙ্গাদের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া।”

প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য সালমা জাহিদ (লিবারেল), সামির জুবেরি—বৈচিত্র্য, অন্তর্ভুক্তি ও প্রতিবন্ধী বিষয়ক মন্ত্রীর সংসদীয় সচিব; মাহমুদা খান, হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনালের (এইচসিআই) গ্লোবাল সিইও; মাসুম মাহবুব, হিউম্যান কনসার্ন ইউএসএ (এইচসিইউএসএ)-এর সিইও; আহমদ আতিয়া, জেস্টাল্ট কমিউনিকেশনসের সিইও; এবং উসামা খান, ইসলামিক রিলিফ কানাডার সিইও।

বৈঠকে সামির জুবেরি বলেন, “কানাডা বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বৈচিত্র্য আনতে কাজ করছে। বাংলাদেশ-কানাডার মধ্যে ঐতিহাসিক মানবিক সম্পর্ক রয়েছে, যা বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতায় আরও বিস্তৃত করা হবে।”

বৈঠকে পোশাক, কৃষি ও অন্যান্য সম্ভাবনাময় খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং বাংলাদেশের রপ্তানি শিল্পে কানাডার অংশগ্রহণ সম্প্রসারণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

Recommended For You