চাঁদপুরের খুদে ফুটবলার সোহান পাচ্ছে বিকেএসপির পূর্ণ বৃত্তি

বাংলা রিডার ডেস্ক
চাঁদপুরের প্রতিভাবান খুদে ফুটবলার সোহান প্রধানিয়া (৬) বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি)-তে পড়াশোনার সুযোগ পাচ্ছে। শিশুটিকে বিকেএসপিতে পূর্ণ বৃত্তির (স্কলারশিপ) আওতায় নেওয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

আসিফ মাহমুদ তাঁর পোস্টে লেখেন, “চাঁদপুরের ফুটবল প্রতিভা সোহানকে বিকেএসপিতে ভর্তি করিয়ে ভবিষ্যৎ তারকা খেলোয়াড় হিসেবে গড়ে তোলা হবে।” এ খবর ছড়িয়ে পড়লে সোহানের পরিবার ও এলাকাবাসীর মধ্যে আনন্দের জোয়ার বইছে।

মতলব উত্তর উপজেলার সাড়ে পাঁচআনী গ্রামের সাইকেল মেকানিক সোহেল প্রধানিয়ার একমাত্র ছেলে সোহান বর্তমানে স্থানীয় পাঁচআনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। মাত্র তিন বছর বয়স থেকেই বাবার সঙ্গে গ্রামের রাস্তায় ফুটবল অনুশীলন শুরু করে সে।

 

স্থানীয়দের বরাতে জানা যায়, ফুটবলে অসাধারণ দক্ষতা দেখিয়ে অল্প সময়েই সোহান আলোচনায় আসে। তার খেলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ফুটবলপ্রেমীরা শিশুটিকে দেখতে ছুটে যান। কেউ জার্সি, কেউ ফুটবল বা জুতা উপহার দেন তাকে। এমনকি জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকও সোহানের সঙ্গে দেখা করে তার হাতে ফুটবল সামগ্রী তুলে দেন এবং লেখাপড়াসহ খেলাধুলায় সহায়তার দায়িত্ব নেন।

বিকেএসপিতে ভর্তির খবর পেয়ে উচ্ছ্বসিত সোহানের বাবা সোহেল প্রধানিয়া বলেন, “আমি আমার ছেলেকে বাংলাদেশের জন্য উৎসর্গ করলাম। আল্লাহ যেন আমার ছেলের স্বপ্ন পূরণ করেন।”

ছোট্ট সোহানও নিজের স্বপ্ন জানায়, “আমি বড় হয়ে মেসির মতো ফুটবলার হতে চাই।”

মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুমা মনি বলেন, “খুদে ফুটবলার সোহানের প্রতিভা সত্যিই প্রশংসনীয়। বিকেএসপিতে ভর্তির বিষয়ে আমরা এখনো আনুষ্ঠানিক নির্দেশনা পাইনি, তবে প্রশাসনের পক্ষ থেকেও তাকে সহায়তা করার ইচ্ছা রয়েছে।”

বিজ্ঞাপন

Recommended For You