তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের আপিলের রায় ২০ নভেম্বর

বাংলা রিডার ডেস্ক
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের বিষয়ে করা চূড়ান্ত আপিলের শুনানি শেষ হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) ১০ দিনের শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ রায়ের জন্য আগামী ২০ নভেম্বর তারিখ নির্ধারণ করেছেন।

এর আগে শুনানি অনুষ্ঠিত হয় গত ২১, ২২, ২৩, ২৮, ২৯ অক্টোবর এবং ২, ৪, ৫ ও ৬ নভেম্বর—মোট নয়টি কার্যদিবসে। শুনানিতে ড. বদিউল আলম মজুমদারসহ পাঁচ বিশিষ্ট ব্যক্তির পক্ষে আইনজীবী ছিলেন ড. শরীফ ভূঁইয়া। ইন্টারভেনার হিসেবে অংশ নেন আইনজীবী এহসান এ সিদ্দিক। জামায়াতে ইসলামী, বিএনপি ও অন্যান্য পক্ষের হয়ে যথাক্রমে শিশির মনির, জয়নুল আবেদীন ও রুহুল কুদ্দুস যুক্তি উপস্থাপন করেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

এর আগে গত ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন গ্রহণ করে আপিল বিভাগ।

সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা যুক্ত করতে ত্রয়োদশ সংশোধনী ১৯৯৬ সালে সংসদে পাস হয়। তবে এর বৈধতা চ্যালেঞ্জ করে ১৯৯৮ সালে আইনজীবী এম সলিম উল্লাহসহ তিনজন হাইকোর্টে রিট দাখিল করেন। ২০০৪ সালের ৪ আগস্ট হাইকোর্ট ত্রয়োদশ সংশোধনীকে বৈধ ঘোষণা করে রিট খারিজ করেন।

পরে ২০০৫ সালে আপিল করা হলে, আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ ২০১১ সালের ১০ মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করেন। এর পরিপ্রেক্ষিতে ২০১১ সালের ৩০ জুন সংসদে পঞ্চদশ সংশোধনী বিল পাস হয়, যা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপ করে।

পরবর্তীতে ২০১১ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদারসহ পাঁচজন বিশিষ্ট নাগরিক রায় পুনর্বিবেচনার আবেদন করেন। তাঁদের সঙ্গে তোফায়েল আহমেদ, এম হাফিজউদ্দিন খান, জোবাইরুল হক ভূঁইয়া ও জাহরা রহমানও ছিলেন আবেদনকারী।

এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৬ অক্টোবর একই বিষয়ে পুনর্বিবেচনার আবেদন করেন। গত বছরের ২৩ অক্টোবর জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং পরে নওগাঁর বীর মুক্তিযোদ্ধা মো. মোফাজ্জল হোসেনও পৃথক আবেদন করেন।

সবগুলো আবেদন একসঙ্গে শুনানি শেষে এখন আদালতের রায়ের অপেক্ষায় রয়েছে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের প্রশ্নটি।

বিজ্ঞাপন

Recommended For You