
বাংলা রিডার ডেস্ক
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের জন্য একটি “মাইলফলক” হয়ে থাকবে।
রোববার (৯ নভেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এই মন্তব্য করেন।
সিইসি বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে আমাদের জন্য এক ঐতিহাসিক মাইলফলক। সারাবিশ্ব এই নির্বাচনকে নজর দিচ্ছে, আর দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে ভোটাধিকার প্রয়োগের জন্য। বিশেষ করে তরুণ প্রজন্ম—যারা প্রথমবারের মতো ভোট দেবে—তাদের আগ্রহ আমাদের জন্য আশাব্যাঞ্জক।”
তিনি আরও বলেন, “আপনার ভোট আপনার শক্তি। নিজে ভোট দিন, অন্যকেও ভোটদানে উৎসাহিত করুন।”
ইসি কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী প্রথমবারের মতো প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কমিশন আন্তরিকভাবে কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, সবার সহযোগিতায় এ উদ্যোগ সফল হবে।
কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেন, “ভোটের সময় কোনো ভুল বা ভ্রান্ত তথ্য প্রচার সুষ্ঠু নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে। তাই গুজবে কান না দিয়ে সত্যিকার উৎস থেকে তথ্য যাচাই করুন এবং প্রয়োজনে সরাসরি নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করুন।”
কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার সব প্রার্থী ও রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান, “নির্বাচনী আচরণবিধি ও বিধিনিষেধ কঠোরভাবে মেনে চলুন।”
কমিশনার বেগম তাহমিদা আহমেদ বলেন, “ভোটের প্রক্রিয়া অবশ্যই নারী-পুরুষ সবার জন্য সমান ও জেন্ডারবান্ধব হতে হবে। কাউকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার অধিকার কারো নেই।”
ইসি সচিব আখতার আহমেদ বলেন, “ভোট একটি সমন্বিত প্রক্রিয়া—এতে সবার সহযোগিতা প্রয়োজন। আমরা অঙ্গীকার করছি, জাতিকে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেব।”
জানা গেছে, নির্বাচন কমিশন ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা এবং আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণের পরিকল্পনা করছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি এগিয়ে নিচ্ছে সংস্থাটি।



