জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বর্ণাঢ্য শুভযাত্রা 

 বাংলা রিডার ডেস্ক:
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক।

সভায় প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, “যারা চাঁদাবাজি, জমি দখল ও উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডে জড়িত, তাদের চাঁদপুর জেলা বিএনপিতে কোনো স্থান নেই।” তিনি আরও বলেন, “জনগণ যদি ধানের শীষে ভোট দেয়, তাহলেই আমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবে। এখন আমাদের সামনে একটি কঠিন পরীক্ষা—জনগণের বিশ্বাস অর্জন করে ভোট আনতে হবে।”

তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, “দলের মধ্যে গ্রুপিং বা ব্যক্তিগত স্বার্থসিদ্ধির চেষ্টা বরদাস্ত করা হবে না। কেউ যদি এ ধরনের কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকে, তাহলে সংশ্লিষ্ট কমিটি ভেঙে দেওয়া হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে ধানের শীষের বিজয়ের জন্য।”

ফরিদ আহমেদ মানিক বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে বলেন, “ফ্যাসিবাদীরা এখনো দেশে সক্রিয়, এমনকি নব্য ফ্যাসিবাদও জন্ম নিয়েছে। তারা পুরোনো ফ্যাসিবাদীদের সহযোগিতা করছে। তাই আমাদের সতর্ক থাকতে হবে এবং দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে।”

চাঁদপুর পৌর বিএনপির সভাপতি মো. আক্তার হোসেন মাঝির সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লা সেলিম।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মো. সফিকুজ্জামান, মো. খলিলুর রহমান গাজী, সাংগঠনিক সম্পাদক সো. মুনির চৌধুরী, সহ-সভাপতি ডি. এম. শাহাজাহান, যুগ্ম সম্পাদক সেলিমুছ সালাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালীসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে দলীয় ঐক্য ও গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।

বিজ্ঞাপন

Recommended For You