
বাংলা রিডার ডেস্ক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৬৬টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে আরও ১৬টি সংস্থার বিষয়ে দাবি-আপত্তি যাচাইয়ের জন্য ১৫ কার্যদিবস সময় দিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছে কমিশন।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) ইসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত ২৮ সেপ্টেম্বর জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে কাজ করার জন্য ৭৩টি স্থানীয় সংস্থার প্রাথমিক তালিকা প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। পরবর্তী যাচাই-বাছাই ও দাবি-আপত্তি নিষ্পত্তি শেষে ৬৬টি সংস্থাকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
ইসি জানায়, নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫-এর ধারা ১৬ অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিবন্ধিত ৯৬টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে। নতুন নীতিমালা অনুসারে যোগ্য বেসরকারি সংস্থাগুলোর কাছ থেকে নতুন করে নিবন্ধনের আবেদন আহ্বান করা হয়।
আগ্রহী সংস্থাগুলোকে আগামী ১০ আগস্ট বিকেল ৫টার মধ্যে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বরাবর স্থানীয় পর্যবেক্ষক নিবন্ধনের আবেদন ফরম (EO-1) দাখিল করতে হবে। সংশ্লিষ্ট ফরম ও নীতিমালা নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা (কক্ষ নং–১০৫) এবং ওয়েবসাইট www.ecs.gov.bd
-তে পাওয়া যাবে।
উল্লেখ্য, ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রথমবারের মতো পর্যবেক্ষক নিবন্ধন প্রথা চালু করে ইসি। সে সময় ১৩৮টি সংস্থা নিবন্ধন পেয়েছিল এবং ১ লাখ ৫৯ হাজার ১১৩ জন পর্যবেক্ষক ভোট কার্যক্রমে অংশ নেন।
পরবর্তীতে ২০১৪ সালের দশম সংসদ নির্বাচনে ৩৫টি সংস্থার ৮,৮৭৪ জন, ২০১৮ সালের একাদশ নির্বাচনে ৮১টি সংস্থার ২৫,৯০০ জন এবং ২০২৪ সালের দ্বাদশ নির্বাচনে ৮০টি সংস্থার ২০,২৫৬ জন পর্যবেক্ষক ভোট কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
নতুন নীতিমালা অনুযায়ী, আগামী নির্বাচনে অনুমোদিত সংস্থাগুলোকেই পর্যবেক্ষক হিসেবে মাঠে থাকার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।


