
বাংলা রিডার ডেস্ক
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ঘোষিত তালিকা অনুযায়ী ঢাকা-৬ আসনে দলটির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
মনোনয়ন পাওয়ার পর বাগদত্তা নুসরাত খান এক ফেসবুক পোস্টে ইশরাকের প্রতি শুভেচ্ছা ও সমর্থন জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি লিখেছেন, “আমি ঢাকা-৬ তথা বাংলাদেশের সকল জনগণের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ, যারা ইশরাকের প্রতি ভালোবাসা ও সমর্থন জানিয়েছেন। আল্লাহ্র অশেষ রহমতে তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন—আলহামদুলিল্লাহ।”
নুসরাত আরও লিখেছেন, “ইশরাক একজন সৎ, সাহসী, জ্ঞানী ও মর্যাদাবান মানুষ। জনগণের দোয়া ও সমর্থন নিয়ে তিনি দৃঢ়তার সঙ্গে সামনে এগিয়ে যাবেন, ইনশাআল্লাহ। আল্লাহ তাঁকে প্রজ্ঞা, দিকনির্দেশনা ও সাফল্য দিন, যেন তিনি জাতির সেবায় সফল হতে পারেন।”
তিনি পোস্টের শেষে ইশরাকের পাশে থেকে তাঁর রাজনৈতিক যাত্রায় সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।
উল্লেখ্য, সম্প্রতি বিএনপি নেতা ইশরাক হোসেন ও নুসরাত খানের বাগদান সম্পন্ন হয়েছে।



