চাঁদপুরে মনোনয়ন না পেয়ে হান্নানের সমর্থকদের বিক্ষোভ, সড়কে আগুন

বাংলা রিডার ডেস্ক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন না পেয়ে ক্ষুব্ধ হয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানের সমর্থকরা। তারা সোমবার (৩ অক্টোবর) রাতে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষুব্ধ নেতাকর্মীরা প্রথমে সড়কে আগুন জ্বালান। পরে বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানার মোড়ে সমাবেশে মিলিত হন তারা।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দুর্দিনে দলের পাশে থাকা সাহসী নেতা এম এ হান্নানকে মনোনয়ন না দিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব তৃণমূল নেতাকর্মীদের হতাশ করেছে। তারা দাবি জানান, হান্নানকে পুনরায় মনোনয়ন দিয়ে দলের প্রতি তৃণমূলের আস্থা ফিরিয়ে আনতে হবে। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “দল যদি এই দাবি না মানে, তবে আন্দোলন অব্যাহত থাকবে।”

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র মঞ্জিল হোসেন, পৌর বিএনপির সভাপতি আমানত গাজী, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, সিনিয়র সহ-সভাপতি ফারুক খান ও যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমির হোসেন খসরু মোল্লা ও নজরুল ইসলাম পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটোয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান মঞ্জুর ও সাধারণ সম্পাদক আবু ইউসুফ চৌধুরী শাওনসহ অন্য নেতাকর্মীরা।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, “বিএনপির একদল কর্মী টায়ার জ্বালিয়ে সড়কে বিক্ষোভ করেছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা সম্পূর্ণ শান্ত রয়েছে।”

বিজ্ঞাপন

Recommended For You