যুবদল নেতাকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মানহানির মামলা

বাংলা রিডার ডেস্ক

যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মানহানির মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে যুবদল ঢাকা দক্ষিণের আহ্বায়ক কমিটির সদস্য কাজী মুকিতুজ্জামান বাদী হয়ে মামলাটি করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ডিবিকে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

বাদীর আইনজীবী মো. মেহেদী হাসান জুয়েল বলেন, “এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী দীর্ঘদিন ধরে বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে অশালীন মন্তব্য করে আসছেন। এবার সময় এসেছে এর লাগাম টানার—তাই আমরা মানহানির মামলা করেছি।”

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের পর থেকে নাসীরুদ্দীন পাটওয়ারী উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে বিএনপি এবং এর নেতাদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর প্রচার চালিয়ে আসছেন, যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে।

এর আগে, ১ নভেম্বর নাসীরুদ্দীন পাটওয়ারী এক মন্তব্যে বলেন,

“জুলাই সনদ নিয়ে একটি বড় দল গুণ্ডামি করছে। ঢাকা মহানগরের এক নেতা নয়ন, একা যত চাঁদাবাজি করেছে, সেই টাকা দিয়েই বাংলাদেশে গণভোট করা সম্ভব। ওনাদের আমরা জমজমের পানি দিয়ে পরিষ্কার করতে চেয়েছিলাম, কিন্তু এখন মনে হয় বুড়িগঙ্গার পানিই দরকার।”

বাদীর অভিযোগ, নাসীরুদ্দীনের এই বক্তব্যের মাধ্যমে শুধু যুবদল নয়, বিএনপির সার্বিক ভাবমূর্তিও গুরুতরভাবে ক্ষুণ্ণ হয়েছে এবং এটি স্পষ্টভাবে মানহানিকর উদ্দেশ্যে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

Recommended For You