গুপ্ত স্বৈরাচার ওত পেতে আছে, ঐক্যবদ্ধ হোন: তারেক রহমান

বাংলা রিডার ডেস্ক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “চারপাশে সুপ্ত আকাঙ্ক্ষায় গুপ্ত স্বৈরাচার ওত পেতে আছে,” তাই দলের একক প্রার্থীর বিজয়ের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

রোববার (৩ নভেম্বর) রাতে দলের এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি জানান, শিগগিরই বিএনপির একক প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

তারেক রহমান বলেন, “বিভিন্ন আসনে পর্যায়ক্রমে বিএনপির মনোনীত প্রার্থীদের নাম জানানো হবে। দল যাকে মনোনয়ন দেবে, তাঁকে বিজয়ী করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। মনে রাখবেন, নিজেদের মধ্যে বিবাদ বা বিভাজন তৈরি হলে গুপ্ত স্বৈরাচার সেই সুযোগ নেবে।”

রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে বিএনপির প্রবাসী নেতা-কর্মীদের সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য গ্রহণ কর্মসূচির অংশ হিসেবে দলের ওয়েবসাইটে অনলাইন পেমেন্ট গেটওয়ে উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠান হয়। লন্ডন থেকে যুক্ত হয়ে তিনি এই পেমেন্ট গেটওয়ে উদ্বোধন করেন।

তিনি বলেন, “প্রতি সংসদীয় আসনে বিএনপির একাধিক প্রার্থী মনোনয়ন প্রত্যাশা করছেন, যা একটি জনপ্রিয় দলের জন্য গর্বের। তবে সবাইকে মনে রাখতে হবে—‘ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়।’ দল যাকে মনোনয়ন দেবে, তাঁকে সমর্থন করা-ই আমাদের দায়িত্ব।”

তারেক রহমান জানান, অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বিএনপি ইতিমধ্যেই তিনশ আসনে দলীয় বা সমর্থিত প্রার্থী চূড়ান্তের প্রায় শেষ ধাপে রয়েছে। তিনি বলেন, “দেশের বৃহত্তর স্বার্থে ও গণতন্ত্র রক্ষায় দলীয় সিদ্ধান্তকেই সবাই চূড়ান্ত হিসেবে মেনে নিন।”

তিনি আরও বলেন, “ফ্যাসিবাদী শক্তি ও পরাজিত স্বৈরাচারদের অপপ্রচার সত্ত্বেও বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তি যদি ঐক্যবদ্ধ থাকে, তবে কোনো ষড়যন্ত্রই বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না।”

নারী নিরাপত্তা প্রসঙ্গে তারেক রহমান বলেন, “নারী ও শিশুদের নিরাপত্তাহীন সমাজ কোনোভাবেই সভ্য সমাজ নয়। রাষ্ট্রের পাশাপাশি রাজনৈতিক দল হিসেবেও আমাদের দায়িত্ব, নারীদের জন্য নিরাপদ সমাজ গড়ে তোলা।”

বিএনপি ক্ষমতায় গেলে প্রবাসী ভোট প্রক্রিয়া আরও সহজ করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, অধ্যাপক জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির ও মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেলসহ অন্য নেতারা।

বিজ্ঞাপন

Recommended For You