নির্বাচন বানচালে বড় শক্তি কাজ করবে: প্রধান উপদেষ্টা 

বাংলা রিডার ডেস্ক
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আশঙ্কা প্রকাশ করেছেন যে আসন্ন জাতীয় নির্বাচন বানচালের জন্য দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে “বড় শক্তি” সক্রিয় হতে পারে। তিনি সতর্ক করে বলেন, “এটি ছোট কোনো চেষ্টা নয়, বড় ধরনের শক্তি নিয়ে বানচালের চেষ্টা করা হবে। হঠাৎ করেই আক্রমণও আসতে পারে। এই নির্বাচন হবে অত্যন্ত চ্যালেঞ্জিং, তবে সব প্রতিকূলতা অতিক্রম করতেই হবে।”

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে ফরেন সার্ভিস অ্যাকাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য সাংবাদিকদের কাছে তুলে ধরেন তাঁর প্রেস সচিব শফিকুল আলম।

সোশ্যাল মিডিয়া অপপ্রচারের বিষয়ে সতর্কবার্তা

প্রধান উপদেষ্টা বলেন, “সোশ্যাল মিডিয়ায় পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হবে— দেশের ভেতর থেকেও, বাইরে থেকেও। এআই ব্যবহার করে ভুয়া ছবি ও ভিডিও তৈরি করে ছড়িয়ে দেওয়া হতে পারে। এই মিথ্যা প্রচারণা রোধে আমাদের প্রস্তুত থাকতে হবে। একটি অপপ্রচার শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সেটি বন্ধ করতে হবে, যেন তা ছড়িয়ে না পড়ে।”

ভোটারদের সচেতন করার নির্দেশ

অধ্যাপক ইউনূস আরও বলেন, “নির্বাচনকে সুন্দর ও উৎসবমুখর করতে হলে জনগণের কাছে যেতে হবে। মানুষকে জানাতে হবে— নির্বাচনী নিয়ম-কানুন কী, ভোটকেন্দ্রে কীভাবে ভোট দিতে হবে, কোথাও বিশৃঙ্খলা দেখা দিলে কী করণীয়।”

প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা ইলেকশন কমিশন ও সংস্কৃতি মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন ভোটারদের সচেতনতায় টেলিভিশন বিজ্ঞাপন, তথ্যচিত্র ও ভিডিও কনটেন্ট দ্রুত তৈরি করে প্রচারে আনতে। তিনি বলেছেন, “যত বেশি সম্ভব টিভিসি ও ভিডিও তৈরি করে ইউটিউব ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিতে হবে, যাতে মানুষ নিজেরাই সচেতন ও প্রস্তুত হতে পারেন।”

বিজ্ঞাপন

Recommended For You