
বাংলা রিডার ডেস্ক
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে স্বচ্ছ, শান্তিপূর্ণ ও নিরাপদ করতে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য পর্যাপ্ত সংখ্যক বডি-অন-ক্যামেরা দ্রুত কেনার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।
বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি, পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলমসহ বিভিন্ন সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা।
প্রধান উপদেষ্টা বলেন, “নির্বাচন যেন সম্পূর্ণ স্বচ্ছ ও সহিংসতামুক্ত হয়, সে লক্ষ্যে সব প্রস্তুতি দ্রুত শেষ করতে হবে। ভোটারদের এমন আস্থা দিতে হবে যে তাঁরা একটি নিরাপদ ও অংশগ্রহণমূলক পরিবেশে ভোট দিতে পারবেন।”
তিনি নির্দেশ দেন, ডিসেম্বরের মধ্যেই বডি-অন-ক্যামেরা ক্রয় এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে, যাতে নির্বাচন চলাকালে যেকোনো সহিংসতা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ করা যায়।
প্রফেসর ইউনূস আরও বলেন, “নির্বাচনকেন্দ্রিক যেকোনো অপ্রীতিকর ঘটনা রোধে আইন প্রয়োগকারী বাহিনীর সক্ষমতা বাড়াতে হবে এবং এমন একটি মনিটরিং কাঠামো গড়ে তুলতে হবে, যাতে কেউ পরিস্থিতি অবনতির সুযোগ না পায়।”
বৈঠকে ফয়েজ আহমদ তৈয়্যব জানান, দেশে বর্তমানে সীমিতসংখ্যক বডি ক্যামেরা ব্যবহার করে পুলিশের প্রাথমিক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “নতুন ক্যামেরাগুলো পৌঁছালে প্রতিটি জেলায় পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হবে।” তিনি আরও জানান, বডি ক্যামেরার মাধ্যমে কেন্দ্রীয় মনিটরিং সেল থেকে ভোটকেন্দ্রের পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করা যাবে, পাশাপাশি থানা ও জেলা পুলিশ কার্যালয় থেকেও তা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।



