
বাংলা রিডার ডেস্ক
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ক্রমেই বাড়ছে এর শক্তি ও বাতাসের গতি। ঘূর্ণিঝড়ের কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘মোন্থা’ পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। এটি আরও উত্তর–উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শক্তি সঞ্চয় করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ৬টায় ঘূর্ণিঝড়টির অবস্থান ছিল—
চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১,২৯০ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে,
কক্সবাজার থেকে ১,২৫০ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে,
মোংলা বন্দর থেকে ১,১৪০ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে এবং
পায়রা বন্দর থেকে ১,১৫৫ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি আরও উত্তর–উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে মঙ্গলবার সন্ধ্যা বা রাতের মধ্যে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ এখন ঘণ্টায় ৯০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ১১০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সতর্কভাবে চলাচল করার এবং গভীর সমুদ্রে না যাওয়ার নির্দেশনা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।



