
বাংলা রিডার ডেস্ক
ওয়ানডে সিরিজে দাপুটে জয় ছিনিয়ে নেওয়ার পর এবার টি-টোয়েন্টিতে নামছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আজ (সোমবার) সন্ধ্যা ৬টায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।
চট্টগ্রামের উইকেট সম্পর্কে মাঠকর্মীদের ধারণা—এটি স্পোর্টিং স্বভাবের হতে পারে। ফলে রানপ্রবণ ম্যাচ দেখা যেতে পারে, যেখানে স্কোর উঠতে পারে ১৭০ থেকে ২০০ রান পর্যন্ত।
এর আগে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হয় মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে, যেখানে স্পিন-সহায়ক উইকেট নিয়ে ব্যাপক আলোচনা হয়। তবে চট্টগ্রামের উইকেট ভিন্ন প্রকৃতির—ঘাসে ঢাকা ও ব্যাটসম্যান-বান্ধব।
তবে রাতের দিকে শিশিরের প্রভাব ম্যাচে বড় ভূমিকা রাখতে পারে। এতে স্পিনারদের বল গ্রিপ করতে সমস্যা হতে পারে। এসব বিবেচনায় বাংলাদেশ দুই পেসার ও তিন স্পিনার নিয়ে একাদশ সাজাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সম্ভাব্য একাদশে স্পিন বিভাগে থাকবেন শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন ও নাসুম আহমেদ, আর পেস আক্রমণে থাকবেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের শেষ টি-টোয়েন্টি সিরিজে ক্যারিবীয়দের মাঠে ৩-০ ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ। এছাড়া সর্বশেষ চারটি টি-টোয়েন্টি সিরিজেও জয় পেয়েছে টাইগাররা। বিপরীতে, ওয়েস্ট ইন্ডিজ গত বছরের অক্টোবর থেকে টানা সাতটি টি-টোয়েন্টি সিরিজে পরাজিত হয়েছে; সর্বশেষ তারা নেপালের কাছেও হেরেছে।
সম্ভাব্য একাদশ
বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, নুরুল হাসান সোহান, জাকের আলি অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ: ব্রেন্ডন কিং, অলিক আথানাজে, শাই হোপ, শেরফান রাদারফোর্ড, রোস্টন চেজ, রভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, খারি পিয়েরে ও জেইডেন সিলস।



