
বাংলা রিডার ডেস্ক
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের ‘উপদেষ্টা পরিষদের কার্যক্রম’ সম্পর্কিত কিছু মন্তব্য গণমাধ্যমে প্রকাশের পর ‘বিভ্রান্তি’ তৈরি হয়েছে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করে সোমবার (২৭ অক্টোবর) একটি সরকারি বিবৃতি প্রকাশ করা হয়।
বিবৃতিতে বলা হয়েছে, রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে মাহফুজ আলম উপদেষ্টা পরিষদের কাজ নিয়ে কিছু মন্তব্য করেন। ওই মন্তব্য গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিষয়টি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়।
সরকার স্পষ্ট করেছে, সংস্কার ও নীতিমালা প্রণয়নের কাজ নভেম্বরের মধ্যে শেষ হবে—এই বক্তব্যটি সঠিক নয়। সংস্কার কার্যক্রম পূর্ণোদ্যমে চলবে এবং এটি নিরবচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে।
বিবৃতিতে আরও বলা হয়, নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না হওয়া পর্যন্ত উপদেষ্টা পরিষদ নিয়মিত দায়িত্ব পালন করবে এবং এর বৈঠকসমূহও নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে।


