
বাংলা রিডার ডেস্ক
মেট্রোরেলসহ দেশের সব ফ্লাইওভারে ব্যবহৃত বিয়ারিং প্যাডের গুণগত মান যাচাই করতে কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
রিটে বলা হয়েছে, মেট্রোরেল ও ফ্লাইওভারে ব্যবহৃত বিয়ারিং প্যাডগুলোর মান ঠিক আছে কিনা, তা পরীক্ষা করতে একটি স্বাধীন বিশেষজ্ঞ কমিটি গঠন করা প্রয়োজন।
সোমবার (২৭ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন জনস্বার্থে এই রিট আবেদন দাখিল করেন। এতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে।
চলতি সপ্তাহেই বিচারপতি ফাহমিদা কাদের এর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনের শুনানি হতে পারে বলে জানা গেছে।
এদিকে, সম্প্রতি রাজধানীতে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত আবুল কালাম (৩৬)-এর দাফন সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে শরীয়তপুরের নড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদ কবরস্থানে তার দাফন করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার ঘটনাস্থল দিয়ে হেঁটে যাওয়ার সময় ওপর থেকে একটি ভারী ধাতব বস্তু (বিয়ারিং প্যাড) নিচে পড়ে আবুল কালামের মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



