জাতীয় নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক

বাংলা রিডার ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে সশস্ত্র বাহিনীসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সঙ্গে বৈঠক করছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর নির্বাচন ভবনের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। সভায় সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

বৈঠকে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রতিনিধিরা ছাড়াও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা অংশ নিয়েছেন। এছাড়া উপস্থিত রয়েছেন নির্বাচন কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ইসি সূত্রে জানা গেছে, বৈঠকে নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা, চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে। কমিশন ইতোমধ্যে প্রায় এক ডজন চ্যালেঞ্জ চিহ্নিত করেছে, যার মধ্যে রয়েছে:

ভোটগ্রহণ কর্মকর্তা ও কেন্দ্রের নিরাপত্তা
সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংখ্যালঘুদের নিরাপত্তা
অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণ
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য প্রতিরোধে কৌশল নির্ধারণ
বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের নিরাপত্তা
পোস্টাল ভোট ব্যবস্থাপনা
পার্বত্য ও দুর্গম অঞ্চলে লজিস্টিক সহায়তা
নির্বাচনী কাজে হেলিকপ্টার সহায়তা
ড্রোন ক্যামেরা ব্যবহার নিষিদ্ধকরণ

ইসি সূত্রে আরও জানা গেছে, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণের লক্ষ্যে প্রস্তুতি নেওয়া হচ্ছে। আর ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

Recommended For You