
বাংলা রিডার ডেস্ক
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আগুন নিয়ন্ত্রণে এলেও, ধ্বংসস্তূপ থেকে একে একে বেরিয়ে আসছে দগদগে ক্ষয়চিহ্ন।
রোববার (১৯ অক্টোবর) সকালে ঘটনাস্থলে এখনও ধোঁয়ার আভাস দেখা গেছে। বিশেষ করে কার্গো ভিলেজের পাবলিক টয়লেটসংলগ্ন এলাকায় ধোঁয়া বের হতে দেখা যায়।
সুরক্ষার কারণে কারও প্রবেশে নিষেধাজ্ঞা জারি রয়েছে।
তবে ফায়ার সার্ভিসের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, কার্গো ভিলেজের একাধিক অংশ পুড়ে গেছে, ছড়িয়ে আছে পুড়ে যাওয়া মালামাল ও উদ্ধারকাজে ব্যবহৃত সরঞ্জাম।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, সকল বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় পরিস্থিতি স্বাভাবিকের পথে। আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হওয়ায় তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছে সংশ্লিষ্ট বাহিনী ও স্বেচ্ছাসেবকদের প্রতি।
এর আগে, শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটে বিমানবন্দরের কার্গো এলাকায় হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে সরকার দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিগুলো দায়-দায়িত্ব নির্ধারণসহ সার্বিক বিষয়ে রিপোর্ট দেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।



