
বাংলা রিডার ডেস্ক
হিন্দু ভোটাররা তাদের জানমালের নিরাপত্তা যেই রাজনৈতিক শক্তি নিশ্চিত করতে পারবে, আসন্ন নির্বাচনে তারা তাকেই ভোট দেবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে চাঁদপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সভার আয়োজন করে সদর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ।
ফয়জুল করীম বলেন, “আমাকে অনেকে জিজ্ঞেস করেন— আওয়ামী লীগ ও হিন্দু ভোটাররা এখন কাকে ভোট দেবে? আমি বলি, যারা তাদের জানমালের নিরাপত্তা দিতে পারবে, তারাই এবার তাদের ভোট পাবে।”
তিনি আরও দাবি করেন, “ইসলামী আন্দোলনের প্রার্থীদের হাতেই হিন্দু সম্প্রদায়ের মানুষ সবচেয়ে নিরাপদ। কারণ ইসলাম এমন এক আদর্শ, যা অনুসরণ করলে মানুষ নিজের মধ্যেই নৈতিকতা তৈরি করে।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন চাঁদপুর-৪ আসনের প্রার্থী শায়খুল হাদীস মাওলানা মুকবুল হোসেন, চাঁদপুর-৩ আসনের প্রার্থী শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন এবং জেলা ইসলামী আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা মাকসুদুর রহমান। সভাপতিত্ব করেন সদর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ডা. বেলাল হোসাইন।
এ সময় দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



