হেফাজতের আন্দোলনে শহীদ ৭৭ পরিবারকে আর্থিক সহায়তা

বাংলা রিডার ডেস্ক:
২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ও ২০২১ সালের মার্চে মোদিবিরোধী বিক্ষোভে নিহত ৭৭ জনের পরিবারকে ১০ লাখ টাকা করে অনুদান দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব পরিবারের মাঝে মোট ৭ কোটি ৭০ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, “২০১৩ সালের হেফাজতের আন্দোলন থেকেই দেশে ফ্যাসিবাদবিরোধী প্রতিরোধ শুরু হয়েছিল। নিরীহ মানুষদের রক্ত কোনোদিন বৃথা যায় না। এই অনুদান সেই আত্মত্যাগের প্রতি রাষ্ট্রীয় স্বীকৃতি।”

তিনি আরও জানান, শহীদদের নামসহ একটি স্থায়ী স্মৃতিস্তম্ভ শাপলা চত্বরে নির্মাণ করা হবে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন। তিনি বলেন, “২০১৩ সালে শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ড গণআন্দোলন দমনের এক ভয়াবহ দৃষ্টান্ত। সেই ঘটনায় শহীদ ও আহতদের একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা প্রয়োজন, যেখানে ধর্ম মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা করবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিবুল্লাহ বাবুনগরী, মহাসচিব মাওলানা মাজেদুর রহমান, জামায়াতে ইসলামের সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, খেলাফতে ইসলামের মাওলানা মামুনুল হক, এবং গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর।

সভাপতিত্ব করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকসুদ জাহিদী। হেফাজতের আমির মুহিবুল্লাহ বাবুনগরী শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য উপদেষ্টা আসিফ মাহমুদকে ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন

Recommended For You