
বাংলা রিডার ডেস্ক
বাংলাদেশ এখন এক নবজন্মের পথে, আর এই পরিবর্তনের পেছনে রয়েছে গণঅভ্যুত্থানের শক্তি—এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘জুলাই সনদ’ শুধু একটি দলিল নয়, এটি অভ্যুত্থানের দ্বিতীয় ধাপ, যা দেশের জন্য এক নতুন দিগন্তের সূচনা করেছে।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই সনদ’ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. ইউনূস এসব কথা বলেন।
বক্তব্যের শুরুতেই তিনি গণঅভ্যুত্থানে প্রাণ উৎসর্গকারীদের স্মরণ করে গভীর শ্রদ্ধা জানান। যারা রক্ত দিয়েছেন, আহত হয়েছেন বা এখনো কষ্টে আছেন—তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই আত্মত্যাগ ছাড়া আজকের দিনটি সম্ভব হতো না। জাতি তাদের কাছে চিরঋণী।”
তিনি বলেন, “আজ আমরা এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমেই এই পরিবর্তন সম্ভব হয়েছে। আর এই সনদ স্বাক্ষর সেই আন্দোলনেরই স্বতঃসিদ্ধ পরিণতি।”
সংবিধান ও শাসনব্যবস্থায় পরিবর্তনের প্রসঙ্গে ড. ইউনূস জানান, গণঅভ্যুত্থানের সুযোগে দেশ পুরোনো বিতর্ক ও অচল ধারা থেকে সরে এসে নতুন সম্ভাবনার দিকে এগোচ্ছে। নতুন সনদে সংবিধান সংশোধনসহ সরকার পরিচালনার কাঠামোয় উল্লেখযোগ্য পরিবর্তনের বিষয়গুলো অন্তর্ভুক্ত হয়েছে।
তিনি আরও বলেন, “এই পরিবর্তনের মধ্যে দিয়ে জাতি নতুন অনেক বিষয়কে গ্রহণ করছে, যা আগামীর বাংলাদেশের ভিত্তি রচনা করবে।”



