
বাংলা রিডার ডেস্ক
চাঁদপুর সদর উপজেলার মধ্য রঘুনাথপুর আরাজী বালিয়া গ্রামের বাহাদুর খান বাড়ির শত বছরের পুরনো চলাচলের রাস্তা কেটে ফেলেছে প্রতিপক্ষের লোকজন—এমন অভিযোগ উঠেছে শাহরাস্তি পৌরসভার কর্মচারী নাছির উদ্দিন রিপন, তার ছেলে রেজাউল এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে। এতে করে প্রায় ৬০টি পরিবারের মানুষ দুর্ভোগে পড়েছে।
স্থানীয়রা জানান, ১৬ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নাছির উদ্দিন রিপন ও তার ছেলে রেজাউল দলবল নিয়ে কোদাল দিয়ে রাস্তার বিভিন্ন অংশ কেটে চলাচল ব্যাহত করেন। এই রাস্তা দিয়ে বাহাদুর খান বাড়ির পরিবারগুলো শত বছর ধরে চলাচল করে আসছে।
ভুক্তভোগী আলমগীর খান, দুলাল খান, খালেক খান, পিনোরা বেগম, লতুফা বেগমসহ একাধিক বাসিন্দা জানান, বহু বছর আগে মৃত লতিফ খান এ রাস্তার জমি স্থানীয়দের চলাচলের সুবিধার জন্য মৌখিকভাবে দান করেছিলেন। এরপর থেকেই পরিবারগুলো এ রাস্তা ব্যবহার করে আসছে।
তবে জানা গেছে, ২০০৪ সালে নাছির উদ্দিন রিপন ওই এলাকার এক বাসিন্দার কাছ থেকে রাস্তার পাশের ৪২ শতাংশ জমি কিনে নেন এবং সেখানে কয়েকটি নারকেল গাছ রোপণ করেন। সম্প্রতি তিনি দাবি করেন, রাস্তার অংশ তার ক্রয়কৃত জমির মধ্যে পড়েছে। এরপর তিনি রাস্তার প্রবেশপথসহ কয়েকটি অংশ কেটে ফেলেন।
রাস্তাটি কাটা শুরু হলে এলাকাবাসী দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সহায়তা চান। তাৎক্ষণিকভাবে চাঁদপুর মডেল থানার এএসআই সুমন কুমার দাস সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলেন এবং থানায় বসে বিষয়টি মীমাংসার আশ্বাস দিলে রাস্তা কাটার কাজ বন্ধ হয়।
এদিকে, চাঁদপুরের ইউএনওর নির্দেশে ১০ নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সচিব গোলাম মোস্তফা ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। তিনি জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসনে প্রতিবেদন দেওয়া হবে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্যবহার করা রাস্তা হঠাৎ কেটে দেওয়ায় তারা চরম দুর্ভোগে পড়েছেন। তারা দ্রুত সুষ্ঠু সমাধান এবং বিচার দাবি করছেন, পাশাপাশি জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
এ বিষয়ে অভিযুক্ত নাছির উদ্দিন রিপন বলেন, “আমি আমার কেনা জায়গা কাটতে গিয়েছি। আমার জমি দিয়ে কাউকে চলতে দেব না। তাদের যদি কোনো কাগজ থাকে, তারা দেখাক।



