কুমিল্লার এক মাদ্রাসায় ১৪ শিক্ষক, ৯ জন শিক্ষার্থী : তবুও কেউ পাস করেনি

বাংলা রিডার ডেস্ক
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আইটপাড়া আজিজিয়া আলিম মাদ্রাসা থেকে এবারের আলিম (এইচএসসি সমমান) পরীক্ষায় অংশ নেওয়া ৯ জন শিক্ষার্থীর কেউই পাস করেনি। অথচ প্রতিষ্ঠানটিতে রয়েছে ১৪ জন শিক্ষক। পুরো ব্যাচের ফেল করায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও সমালোচনার জন্ম দিয়েছে।

মাদ্রাসা সূত্রে জানা যায়, মোট ১২ জন ফরম পূরণ করলেও পরীক্ষায় অংশ নেয় ৯ জন। সবার ফলাফলই অকৃতকার্য।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহজাহান দাবি করেন, “২০২১ সাল থেকে বাংলা ও ২০২২ সাল থেকে ইংরেজি শিক্ষক নেই। শিক্ষক সংকটের কারণে ফল খারাপ হয়েছে। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।”

তবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুস ভিন্নমত পোষণ করে বলেন,“ওই মাদ্রাসায় ১৪ জন শিক্ষক রয়েছেন। শিক্ষক সংকট নয়, বরং শিক্ষকদের দায়িত্বে অবহেলার ফলেই এমন দুরবস্থা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের অভিযোগ, নিয়মিত ক্লাস না নেওয়া ও শিক্ষার্থীদের প্রতি উদাসীনতার কারণেই মাদ্রাসার শিক্ষার মান দিন দিন তলানিতে যাচ্ছে।

বিজ্ঞাপন

Recommended For You