
বাংলা রিডার ডেস্ক
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল ও সিনেট নির্বাচনে ভোট দেওয়ার পর আঙুলে দেওয়া কালি সহজে মুছে যাওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে ভোটার ও ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টা ১৫ মিনিটের দিকে ভোটদান শেষে কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করেন, তাদের আঙুলে দেওয়া কালি কিছুক্ষণের মধ্যেই মুছে গেছে, যা নির্বাচন প্রক্রিয়ার নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে।
ছাত্রদল সমর্থিত প্যানেলের সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ আল কাফী বলেন, “আমি হাবিবুর রহমান হল কেন্দ্রে ভোট দিয়েছি, কিন্তু কালি পানি ছাড়াই মুছে গেছে।”
জিয়াউর রহমান হলের ভোটার আকিব জানান, “ভোটগ্রহণ শান্তিপূর্ণ হলেও কালি নিয়ে সন্দেহ রয়েছে। অমোচনীয় কালি ব্যবহার করা উচিত ছিল। এখন প্রশ্ন উঠছে, কেউ একাধিকবার ভোট দিচ্ছে কিনা।”
রহমতুন্নেসা হলের শিক্ষার্থী আশফিয়া তাবাসসুমও একই অভিজ্ঞতা শেয়ার করে বলেন, “ভোটের পরিবেশ ভালো ছিল, কিন্তু কালি মুছে যাওয়া ঠিক হয়নি।”
সিনেট প্রার্থী মীর কাদির বলেন, “বেশ কয়েকজন ভোটার একই অভিযোগ করেছেন। এটি নির্বাচন পরিচালনার গুরুতর ত্রুটি। নির্বাচন কমিশনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।”
এ বিষয়ে নির্বাচন কর্মকর্তাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



