মিরপুরে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ১৬

বাংলা রিডার ডেস্ক
রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় একটি কেমিক্যাল গোডাউন ও গার্মেন্টসে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। আগুনের ভয়াবহতায় ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন তারা।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম চৌধুরী।

তিনি বলেন, “প্রথমে ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে আরও ৭ জনের মরদেহ উদ্ধার হয়েছে। এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে।”

ফায়ার সার্ভিস সূত্র জানায়, মঙ্গলবার সকাল ১১টা ৪০ মিনিটের দিকে আগুন লাগার খবর পান তারা। মাত্র ১৬ মিনিট পর ১১টা ৫৬ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

প্রাথমিকভাবে ৫টি ইউনিট কাজ শুরু করলেও পরিস্থিতি জটিল হওয়ায় আরও ৭টি ইউনিট যোগ দেয়। সব মিলিয়ে ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, ভবনের ভিতরে এখনও তল্লাশি অভিযান চলছে। হতাহতদের শনাক্ত ও উদ্ধার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাবে তারা।

বিজ্ঞাপন

Recommended For You