চাঁদপুরে পথকুকুরদের দেয়া হচ্ছে জলাতঙ্ক টিকা

বাংলা রিডার ডেস্ক
চাঁদপুর শহরের পাড়া-মহল্লায় ঘুরে বেড়ানো বেওয়ারিশ কুকুরদের জলাতঙ্ক প্রতিরোধী টিকা (Rabies Vaccine) দেওয়ার কার্যক্রম শুরু করেছে চাঁদপুর পৌরসভা ও জেলা প্রাণিসম্পদ দপ্তর। জনস্বাস্থ্য সুরক্ষা ও জনগণের নিরাপত্তার কথা মাথায় রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) সকালে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জ্যোতির্ময় ভৌমিক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ১০ অক্টোবর ভোর ৬টা থেকে শুরু হওয়া এই টিকাদান কর্মসূচি চলবে ১৩ অক্টোবর পর্যন্ত। তবে প্রয়োজনে সময়সীমা বাড়ানো হতে পারে।

প্রাণিসম্পদ দপ্তর জানিয়েছে, দুই ধাপে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে—প্রথম সেশন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় সেশন রাত ৯টা থেকে ২টা পর্যন্ত।

টিকাদান কার্যক্রম ইতোমধ্যে শহরের কালীবাড়ি মোড়, নতুন বাজার, ইচলী ঘাট, ঢালির ঘাট, পালের বাজার, মেডিকেল কলেজ, হাজী মহসীন রোড, ছায়াবানী, কয়লা ঘাট, বড় স্টেশন, রেলস্টেশন, লঞ্চঘাট, চিত্রলেখা মোড়, ইলিশ চত্বর, মাদ্রাসা রোড, বাসস্ট্যান্ড, জেলা প্রশাসক কার্যালয় এলাকা, ষোলঘর ও পুরান বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত প্রায় শতাধিক কুকুরকে টিকা দেওয়া হয়েছে। টিকা পাওয়া কুকুরদের চিহ্নিত করতে শরীরে রঙ করে দেওয়া হচ্ছে।

ডা. জ্যোতির্ময় ভৌমিক বলেন, “পথকুকুরকে শত্রু মনে না করে সঠিকভাবে টিকা দিলেই জলাতঙ্ক প্রতিরোধ সম্ভব। কুকুররা আমাদের বন্ধু, ভালোবাসা ও যত্ন পেলে তারা মানুষের ক্ষতি করে না।”

তিনি আরও জানান, এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে ঢাকা থেকে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ৭ সদস্যের ‘ডগ ক্যাচার’ দল আনা হয়েছে। পাশাপাশি জেলা প্রাণিসম্পদ দপ্তরের একজন মনিটরিং অফিসারসহ অভিজ্ঞ কর্মকর্তারা সার্বক্ষণিক তত্ত্বাবধানে রয়েছেন।

চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, “প্রতিমাসের উন্নয়ন সমন্বয় সভায় পথকুকুরের বিষয়টি আলোচনায় আসে। জননিরাপত্তার কথা চিন্তা করেই এই টিকাদান কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এতে শহরকে জলাতঙ্কমুক্ত ও নিরাপদ রাখার পাশাপাশি জনসচেতনতাও বাড়বে।”

বিজ্ঞাপন

Recommended For You