
বাংলা রিডার ডেস্ক
ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করেছে সরকার। রোববার (১২ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের কারা-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. হাফিজ আল আসাদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ধারা ৫৪১(১) এবং প্রিজন্স অ্যাক্ট ১৮৯৪-এর ধারা ৩(বি)-এর ক্ষমতাবলে সেনানিবাসের বাশার রোডসংলগ্ন উত্তর পাশে অবস্থিত ‘এমইএস বিল্ডিং নং-৫৪’ সাময়িক কারাগার হিসেবে ঘোষণা করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।
তবে কী কারণে এই ভবনকে সাময়িক কারাগার হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।



