হজে নিবন্ধিত ৪৩,৩৭৪ জন, সময় বাড়বে কি না জানা যাবে আজ

বাংলা রিডার ডেস্ক

২০২৬ সালের হজে অংশ নিতে এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৪৩ হাজার ৩৭৪ জন হজযাত্রী। রোববার (১২ অক্টোবর) রাত ১২টায় এই নিবন্ধন প্রক্রিয়া শেষ হয়।

তবে নির্ধারিত কোটা অনুযায়ী—যা এক লাখ ২৭ হাজার ১৯৮ জন—তার এক-তৃতীয়াংশও পূর্ণ হয়নি। সময় বাড়ানো হবে কি না, তা সোমবার (১৩ অক্টোবর) জানানো হবে বলে ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সময় বাড়িয়ে ৫ নভেম্বর পর্যন্ত করার আবেদন জানিয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নিবন্ধনের সময়সীমা বাড়ানো সৌদি সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। আলোচনা চলছে, অনুমতি মিললে সময়সীমা বাড়ানো হবে।

হজ পোর্টালের সর্বশেষ তথ্য অনুযায়ী, সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছেন ৩,৬৬৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৯,৭৭১ জন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে ২০২৬, সৌদি আরবে হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে, সোমবার দুপুর ১২টা ৩০ মিনিটে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন এক সংবাদ সম্মেলন করবেন। সেখানে নিবন্ধনের সময়সীমা বাড়ানোর বিষয়টি ছাড়াও হজ এজেন্সিগুলোর আটকে থাকা প্রায় ৫০ কোটি টাকা ফেরত আনার বিষয়েও জানানো হবে।

হাব মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার জানান, “কোটা অনুযায়ী নিবন্ধনের সংখ্যা অনেক কম। আমরা সময় বাড়ানোর আবেদন করেছি।”

উল্লেখ্য, গত ২৭ জুলাই হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন শুরু হয়। ৩.৫ লাখ টাকা জমা দিয়ে শুরু হওয়া এই প্রক্রিয়ায় অংশ নিতে আগ্রহীদের ৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচিত প্যাকেজ অনুযায়ী বাকি অর্থ জমা দিতে হবে।

বিজ্ঞাপন

Recommended For You