সুযোগ পেলে নিরপেক্ষ নির্বাচন সম্ভব: জনপ্রশাসন সিনিয়র সচিব

বাংলা রিডার ডেস্ক
সুযোগ ও উপযুক্ত পরিবেশ পেলে মাঠ প্রশাসনের কর্মকর্তারা অত্যন্ত নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারবেন—এমন মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক।

রোববার (১২ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন, আসন্ন নির্বাচন হতে হবে সবচেয়ে সুষ্ঠু। সেই লক্ষ্যেই আমরা কাজ করছি। নির্বাচনের সময় প্রশাসন নির্বাচন কমিশনের অধীন থাকবে, এবং মাঠ পর্যায়ের কর্মকর্তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন—এই আস্থা আমাদের আছে।”

সিনিয়র সচিব আরও বলেন, “সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য প্রশাসনের কর্মকর্তারা প্রস্তুত আছেন। শুধু প্রয়োজন পরিবেশ ও প্রোটেকশন। যদি কোনো কর্মকর্তা নিরপেক্ষতার বাইরে গিয়ে কাজ করেন, তাঁর বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। যেকোনো দলীয় পক্ষপাতের প্রমাণ মিললে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে।”

তিনি স্পষ্ট করে জানান, “যে কোনো ধরনের রাজনৈতিক সম্পৃক্ততার প্রমাণ মিললে সেই কর্মকর্তা নির্বাচনী কার্যক্রম থেকে বাদ পড়বেন। কখনও কোনো দলীয় নির্দেশে কাজ করিনি, ভবিষ্যতেও করব না।”

প্রিসাইডিং অফিসারদের ভূমিকা প্রসঙ্গে এহছানুল হক বলেন, “তাঁরা যেন নির্ধারিত ক্ষমতার সঠিক প্রয়োগ করেন। যদি কেউ তা না করেন, তাহলে তার বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমার মনে হয় না, এ বিষয়ে বড় কোনো সমস্যা রয়েছে। জনগণ চায় বলেই একটি ভালো নির্বাচন সম্ভব।”

তিনি সবার প্রতি আহ্বান জানান, যেন প্রশাসনের নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ তৈরি করে দেওয়া হয়, কারণ “নিরপেক্ষ নির্বাচন শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়—এটা সবার সম্মিলিত দায়িত্ব।”

বিজ্ঞাপন

Recommended For You