কাবুলের দাবি ৫৮ পাকিস্তানি সেনা নিহত, ইসলামাবাদ বলছে ১৯টি ফাঁড়ি দখল

বাংলা রিডার ডেস্ক
আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনা চরমে পৌঁছেছে। সীমান্তে শনিবার রাতে দুই দেশের সেনাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের পর কাবুল দাবি করেছে, তারা অন্তত ৫৮ জন পাকিস্তানি সেনাকে হত্যা করেছে এবং আরও ৩০ জনকে আহত করেছে। পাল্টা হিসেবে পাকিস্তান বলছে, তারা আফগান সীমান্তের ১৯টি চৌকি দখল করেছে।

এই সংঘর্ষের সূত্রপাত ঘটে চলতি সপ্তাহের শুরুতে আফগান রাজধানী কাবুলে পাকিস্তানের বিমান হামলার পর। ওই হামলার পর থেকেই দুই দেশের মধ্যে দ্বন্দ্ব বাড়তে থাকে, যার পরিণতিতে শনিবার মধ্যরাতে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।

আফগান তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, পাকিস্তানের বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ আফগান বাহিনী দখল করেছে। এই অভিযানে তালেবানেরও ২০ জনের বেশি সদস্য হতাহত হয়েছেন।

অন্যদিকে পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ও নিরাপত্তা সূত্রগুলো জানায়, তাদের বাহিনী আফগান সীমান্তের ১৯টি ফাঁড়ি দখল করেছে। ওইসব ফাঁড়ির আফগান সেনারা হয় নিহত হয়েছেন, নয় পালিয়ে গেছেন। রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভিতে প্রচারিত ভিডিওতে দেখা যায়, কুররাম অঞ্চলের সীমান্ত এলাকায় আগুন জ্বলছে এবং কয়েকজন আফগান সেনাকে আত্মসমর্পণ করতে দেখা যায়।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি অভিযোগ করে বলেন, আফগান বাহিনী বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। তিনি বলেন, “আফগানিস্তান বিনা উসকানিতে হামলা চালিয়েছে, এবং পাকিস্তানের সাহসী সেনাবাহিনী এর তাৎক্ষণিক ও কার্যকর জবাব দিয়েছে। কোনো ধরনের উসকানি সহ্য করা হবে না।”

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খোয়ারিজমি জানান, কুনার ও হেলমান্দ প্রদেশ সীমান্তবর্তী এলাকাগুলোতে পাকিস্তানের ওপর ‘প্রতিশোধমূলক অভিযান’ চালানো হয়েছে। তিনি বলেন, মধ্যরাতে অভিযান সফলভাবে শেষ হয়।

রেডিও পাকিস্তান বলছে, পাকিস্তানি বাহিনী তালেবানের মানোজবা ক্যাম্প, জান্দুসার ফাঁড়ি, তুর্কমেনজাই ক্যাম্প এবং খারচার ফোর্টসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘাঁটি ধ্বংস করেছে। এসব হামলা ‘অত্যন্ত নিখুঁতভাবে’ চালানো হয়েছে বলেও দাবি করে তারা।

তালেবান গত বৃহস্পতিবার কাবুলে পাকিস্তানের বিমান হামলার জন্য ইসলামাবাদকে দায়ী করলেও, পাকিস্তান ওই অভিযোগ অস্বীকার করেছে। বরং তারা অভিযোগ করেছে, আফগানিস্তানের তালেবান সরকার তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) জঙ্গিদের আশ্রয় দিচ্ছে, যারা ভারতের সহযোগিতায় পাকিস্তানে হামলা চালাচ্ছে।

ভারত এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তালেবান সরকারও জানিয়েছে, তারা কখনোই নিজেদের ভূখণ্ড অন্য কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেয় না।

তথ্যসূত্র: আল–জাজিরা

বিজ্ঞাপন

Recommended For You