
বাংলা রিডার ডেস্ক
ইসরায়েলে আটক হওয়া বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম অবশেষে দেশে ফিরেছেন। শনিবার (১১ অক্টোবর) ভোর ৪টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী ফ্লাইটটি।
ফ্লাইট থেকে নামার কিছু পর, সকাল ৫টার দিকে তিনি বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ হয়ে বেরিয়ে আসেন এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি গ্লোবাল সামুদ ফ্লোটিলার সঙ্গে তার অভিজ্ঞতা ও ইসরায়েলে আটক হওয়ার ঘটনা তুলে ধরেন।
শহিদুল আলম বলেন, “গাজার মানুষ এখনো নির্যাতনের শিকার হচ্ছে। যতদিন পর্যন্ত এই নিপীড়ন বন্ধ না হবে, আমাদের কাজ শেষ হয়েছে বলা যাবে না।”
তিনি আরও বলেন, “বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা দোয়া ও ভালোবাসা দিয়েছেন, বিশেষ করে বাংলাদেশিরা—তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
বিমানবন্দরে শহিদুল আলমকে ফুল দিয়ে বরণ করে নেন তার পরিবারের সদস্য ও সহকর্মীরা।
এর আগে, শুক্রবার (স্থানীয় সময়) দুপুর আড়াইটায় তিনি টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান। এরপর সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন এবং শনিবার ভোরে দেশে পৌঁছান।



