
বাংলা রিডার ডেস্ক:
বাংলাদেশি খ্যাতনামা আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরছেন। তিনি আগামীকাল শনিবার (১১ অক্টোবর) ভোর ৪টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।
শুক্রবার (১০ অক্টোবর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
মুক্তির পর শহিদুল আলম স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান তুরস্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান।
বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আমানুর রহমান জানিয়েছেন, শহিদুল আলম শুক্রবার তুর্কি সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ইস্তাম্বুল থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ইসরায়েল থেকে শহিদুল আলমের মুক্তি এবং নিরাপদে দেশে প্রত্যাবর্তনে সহযোগিতার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, শহিদুল আলমকে আটক করার পর তার মুক্তির জন্য জর্ডান, মিশর এবং তুরস্কে অবস্থিত বাংলাদেশের দূতাবাসগুলোকে সংশ্লিষ্ট দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে দ্রুত যোগাযোগ করে কূটনৈতিক উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছিল প্রধান উপদেষ্টার দপ্তর।



