
বাংলা রিডার ডেস্ক:
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর যে সুনামির আশঙ্কা দেখা দিয়েছিল, তা আর নেই। ইউএস সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, ভূমিকম্পের পর জারি করা সতর্কতা এখন প্রত্যাহার করা হয়েছে।
প্রথমে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছিল, ফিলিপাইনের উপকূলে ৩ মিটার বা ১০ ফুট পর্যন্ত উঁচু ঢেউ আঘাত হানতে পারে। ইন্দোনেশিয়া ও দ্বীপরাষ্ট্র পালাউয়ের উপকূলে ১ মিটার উচ্চতার ঢেউয়ের শঙ্কাও প্রকাশ করা হয়েছিল।
তবে ইন্দোনেশিয়ার ভূকম্পন ও সুনামি কেন্দ্র জানিয়েছে, বাস্তবে তাদের জলসীমায় মাত্র ১৭ সেন্টিমিটার (প্রায় ৬ ইঞ্চি) উচ্চতার ঢেউ রেকর্ড করা হয়েছে, যা ‘মাইনর সুনামি’ হিসেবে বিবেচিত।
ইন্দোনেশিয়ার সিসমোলজি এজেন্সির তথ্য অনুযায়ী, উত্তর সুলাওয়েসির তালাউদ দ্বীপপুঞ্জের বিভিন্ন স্থানে ৩.৫ সেন্টিমিটার থেকে সর্বোচ্চ ১৭ সেন্টিমিটার পর্যন্ত সুনামি তরঙ্গ রেকর্ড করা হয়।
ভূমিকম্পের পর ক্ষয়ক্ষতির প্রকৃত মাত্রা এখনো পুরোপুরি জানা না গেলেও, প্রাথমিক কিছু তথ্য প্রকাশিত হয়েছে। ফিলিপাইনের ব্যুরো অব ফায়ার প্রোটেকশন জানিয়েছে, দাভাও ওরিয়েন্টাল প্রদেশে বিদ্যুৎ সরবরাহে সমস্যা দেখা দিয়েছে এবং ইন্টারনেট সংযোগ দুর্বল হয়ে পড়েছে।
সরকারি সংস্থাটি আরও জানায়, উপকূলীয় এলাকা থেকে মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে এবং ভবনগুলোর কাঠামোগত ক্ষয়ক্ষতি নির্ধারণে জরুরি কর্মীরা মাঠে নেমেছেন।
সূত্র: বিবিসি


