
বাংলা রিডার ডেস্ক
ইসলামী ব্যাংকসহ ব্যাংকিং খাতে বিশেষ একটি অঞ্চলের প্রভাবশালী গোষ্ঠীর কথিত একচেটিয়া ও অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে চাঁদপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) সকাল ১১টায় চাঁদপুর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা সড়কে এই কর্মসূচির আয়োজন করে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকরি প্রত্যাশী পরিষদ।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম গ্রুপের প্রভাব খাটিয়ে ইসলামী ব্যাংকে বিপুল সংখ্যক অদক্ষ কর্মকর্তা অবৈধভাবে নিয়োগ পেয়েছেন। এসব নিয়োগ অবিলম্বে বাতিল করে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া চালু করার দাবি জানানো হয়।
এছাড়া বক্তারা বলেন, এস আলম গ্রুপ ইসলামী ব্যাংক থেকে প্রায় ১ লাখ ২০ হাজার কোটি টাকা পাচার করেছে বলে অভিযোগ রয়েছে। এ অর্থ ফেরতের ব্যবস্থা করে গ্রাহকদের আমানত রক্ষা করতে হবে।
সমাবেশে বক্তব্য রাখেন গ্রাহক ফোরামের সভাপতি সবুজ খান, ব্যবসায়ী কবির খান, গোলাম মাওলা, আলমগীর হোসেন বন্দুকসী, আবু বকর সিদ্দিক ও ইউসুফ ঢালী।
তাদের বক্তব্যে উঠে আসে আরও কিছু দাবিও—চট্টগ্রামের পটিয়া থানাভুক্ত এলাকা থেকে শুধু ৫ হাজারের বেশি অবৈধ নিয়োগ হয়েছে, যা বাতিল করতে হবে। ভবিষ্যতে নিয়োগে স্বচ্ছতা ও মেধার অগ্রাধিকার নিশ্চিত করতে হবে। বরখাস্ত হওয়া কিছু কর্মকর্তা ব্যাংকের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন; তাদের বিরুদ্ধে সরকারিভাবে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
বক্তারা বলেন, এই দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে গ্রাহক ফোরাম আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে।


