
বাংলা রিডার ডেস্ক
২০২৫ সালের মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে চাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে সচেতনতামূলক সভা ও বর্ণাঢ্য নৌ র্যালি। শনিবার (৪ অক্টোবর) সকালে তিন নদীর মোহনা মোলহেড এলাকায় এই কর্মসূচির আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর।
প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন সভায় বলেন, “ভুল করলে মাফ পাওয়া যায়, কিন্তু অপরাধ করলে নয়। মা ইলিশ রক্ষায় আগামী ২২ দিন নদীতে কোনো মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। এই সময় মাছ ধরলে তা অপরাধ হিসেবে বিবেচিত হবে।”
তিনি আরও জানান, ইলিশ সংরক্ষণে ইতোমধ্যে চাঁদপুরের সব বরফকল বন্ধ করে দেওয়া হয়েছে এবং যাত্রী পারাপার ছাড়া স্পিডবোট চলাচলও নিষিদ্ধ করা হয়েছে।
জেলা প্রশাসক বলেন, “আমরা বাজারগুলোতে মনিটরিং চালাবো যাতে অবৈধভাবে ধরা মাছ কেউ বিক্রি করতে না পারে। মা ইলিশ রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কারণ, আজ যে মা ইলিশ ডিম দেবে, আগামীকাল সেই ইলিশ আপনার জালে ধরা পড়বে।”
তিনি আরও বলেন, “জাটকা মৌসুমে অনিয়ন্ত্রিতভাবে ছোট ইলিশ ধরার কারণে এখন মৌসুম এলেও কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ নদীতে পাওয়া যাচ্ছে না। তাই ইলিশের ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে এখনই কঠোরভাবে মা ইলিশ সংরক্ষণ করতে হবে।”
জনগণের প্রতি জেলা প্রশাসকের আহ্বান:
৪ অক্টোবর রাত থেকে ২৫ অক্টোবর পর্যন্ত পদ্মা-মেঘনায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ
মা ইলিশ রক্ষায় কেউ আইন লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে
ইলিশের দাম সাধারণ মানুষের নাগালে আনতে ব্যবসায়ীদের লোভ সংবরণে আহ্বান
ইলিশকে জাতীয় সম্পদ হিসেবে বিবেচনা করে সুরক্ষার তাগিদ
সভায় আরও উপস্থিত ছিলেন: পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোঃ মোশফিকুর রহমান, মৎস্য গবেষণা ইনস্টিটিউট, নদীকেন্দ্র চাঁদপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আমিরুল ইসলাম, কোস্টগার্ড স্টেশন চাঁদপুরের কমান্ডার লেফটেন্যান্ট শওকত আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা,চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা
সভার সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র এবং সঞ্চালনায় ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক।
সভা শেষে জেলা প্রশাসকের নেতৃত্বে টাস্কফোর্সের সদস্যরা মেঘনার মোহনা থেকে একটি বর্ণাঢ্য নৌ র্যালি বের করেন। র্যালিটি আবদ্ধ সংরক্ষণ এলাকা ঘুরে আবার একই স্থানে গিয়ে শেষ হয়।
চলতি বছরে ৪ অক্টোবর মধ্যরাত থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন পদ্মা ও মেঘনায় মা ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে। ইলিশের প্রজনন মৌসুমে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা আগামীর মাছের নিরাপত্তায় সহায়ক হবে বলে আশা করছে মৎস্য বিভাগ।



