
বাংলা রিডার ডেস্ক
গাজার উদ্দেশ্যে রওনা দেওয়া মানবিক সাহায্যবাহী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’তে ইসরায়েলি বাহিনীর হামলার পর সারা দেশের মানুষের মনে এখন একটাই প্রশ্ন— শহিদুল আলম কেমন আছেন?
বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম এই ফ্লোটিলার অন্যতম সদস্য। বুধবার (১ অক্টোবর) রাতে ইসরায়েলি নৌবাহিনী বহরটিতে হামলা চালিয়ে গ্রেটা থুনবার্গসহ অন্তত ২০০ জন কর্মী ও স্বেচ্ছাসেবীকে আটক করেছে। ইতোমধ্যে ১৩টি জাহাজ জব্দ করা হয়েছে।
তবে শহিদুল আলম এখনো যাত্রাপথে থাকা ‘কনসায়েন্স’ নামের একটি বড় জাহাজে রয়েছেন বলে জানা গেছে। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত তাঁর জাহাজটি আটক হওয়ার খবর পাওয়া যায়নি।
ফেসবুকে তার সর্বশেষ পোস্ট ছিল প্রায় পাঁচ ঘণ্টা আগে (প্রতিবেদন লেখার সময়)। সেখানে তিনি ইসরায়েলকে ইঙ্গিত করে লেখেন:
“আমরা বারবার যাত্রা করব। কারণ এই জলসীমা তোমাদের নয়, ওই ভূখণ্ডও তোমাদের নয়— যতক্ষণ না ফিলিস্তিন স্বাধীন হচ্ছে।”
এর আগে শহিদুল আলম একাধিক ভিডিও বার্তা দেন। একটিতে তিনি জানান, তাদের ড্রোন পর্যবেক্ষণ অনুযায়ী তারা তখনো নিরাপদে ছিলেন এবং সামনে এক ঘণ্টার মধ্যে সম্ভাব্য আক্রমণের আশঙ্কা রয়েছে।
আরেকটি ভিডিওতে শহিদুল জানান, “বিকেলে সমুদ্র খুবই উত্তাল হয়ে ওঠে, বজ্রপাত হয়। আমরা ঝড় আসার আগে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। এরমধ্যেই জানতে পারি, আমাদের বহরের সামনের দিকের ‘আলমা’ নামের জাহাজে ইসরায়েলি জলদস্যুরা হামলা চালিয়েছে। আমরা ফ্লোটিলার সবচেয়ে পেছনের ও সবচেয়ে বড় জাহাজে আছি, ফলে কী ঘটতে পারে তা অনিশ্চিত। ইসরায়েল আমাদের ভয় দেখাতে অন্যদের ওপর আক্রমণ করছে।”
শহিদুল আলমের সর্বশেষ অবস্থান ও নিরাপত্তা নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। তবে তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন শুভাকাঙ্ক্ষীরা।



