ঐতিহাসিক ভারত-পাকিস্তান ফাইনাল আজ

বাংলা রিডার ডেস্ক
৪১ বছরের এশিয়া কাপ ইতিহাসে প্রথমবার মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচটি। বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে এই মহারণ।

এশিয়া কাপে এ পর্যন্ত ১৬টি আসর হলেও, কখনোই ফাইনালে দেখা হয়নি ভারত ও পাকিস্তানের। ১৭তম আসরেই সেই অপেক্ষার অবসান ঘটছে। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ফাইনালকে ঘিরে ক্রিকেট বিশ্বজুড়ে উত্তেজনা এখন তুঙ্গে।

২০১২ সালের পর আর শিরোপা ছুঁতে পারেনি পাকিস্তান। দীর্ঘ ১৩ বছর পর ট্রফি জয়ের লক্ষ্যে মাঠে নামছে তারা। অধিনায়ক সালমান আঘা বলেন, ‘এবার আমরা শিরোপা জিতেই দেশে ফিরতে চাই।’ অতীতে ১৯৮৬, ২০০০, ২০১২ ও ২০১৪ সালের ফাইনালে খেলা পাকিস্তান দুটি শিরোপা জিতেছিল।

চলতি আসরে পাকিস্তান গ্রুপ পর্বে ও সুপার ফোরে মিলিয়ে ৪টি ম্যাচ জিতেছে এবং ২টিতে হেরেছে। সুপার ফোরে বাংলাদেশের বিপক্ষে ১১ রানের জয়ের মধ্য দিয়ে নিশ্চিত করে ফাইনাল।

ভারত এরইমধ্যে এশিয়া কাপে রেকর্ড ৮ বার শিরোপা জিতেছে। এবার নজর নবম শিরোপা অর্জনের দিকে। চলতি আসরে এখন পর্যন্ত অপরাজিত রয়েছে টিম ইন্ডিয়া। গ্রুপ পর্ব ও সুপার ফোরে ৩টি করে মোট ৬ ম্যাচ জিতে ফাইনালে উঠে এসেছে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দলটি।

শ্রীলংকার বিপক্ষে সুপার ওভারে নাটকীয় জয় পাওয়ার পর ভারতীয় অধিনায়ক বলেন, ‘আমরা ফাইনালেও জয়ের এই ধারাটা ধরে রাখতে চাই। আমাদের একমাত্র লক্ষ্য ট্রফি জয়।’

ভারত-পাকিস্তানের মাঠের লড়াইয়ের পাশাপাশি চলতি টুর্নামেন্টে টস এবং ম্যাচশেষে হাত না মেলানো নিয়ে বিতর্কও হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) ভারতের বিরুদ্ধে আইসিসিতে আনুষ্ঠানিক অভিযোগ করে, যদিও আইসিসি তা নাকচ করে দেয়।

এবারের দেখা-সাক্ষাৎ চলতি এশিয়া কাপে দু’দল এরইমধ্যে দু’বার মুখোমুখি হয়েছে:

গ্রুপ পর্বে: পাকিস্তান ১২৭ রান করে, ভারত ২৫ বল হাতে রেখে জয় পায় ৭ উইকেটে। সুপার ফোরে: পাকিস্তান তোলে ১৭১ রান, ভারত জেতে ৭ বল হাতে রেখে, অভিষেক শর্মার ৩৯ বলে ৭৪ রানের ঝড়ো ইনিংসে।

মুখোমুখি পরিসংখ্যান: টি-টোয়েন্টিতে: ১৫ ম্যাচে ভারত জয়ী ১১ বার, পাকিস্তান ৩ বার, ১টি টাই।

এশিয়া কাপে (ওডিআই ও টি-টোয়েন্টি): মোট ২১ ম্যাচে ভারত জয়ী ১২ বার, পাকিস্তান ৬ বার, ৩টি ম্যাচ পরিত্যক্ত।

আজকের ফাইনাল শুধুই একটি ম্যাচ নয়—এটি দুই চিরপ্রতিদ্বন্দ্বীর গৌরব, ইতিহাস, এবং আধিপত্যের লড়াই। শেষ হাসি কে হাসবে, সেটাই এখন বড় প্রশ্ন।

বিজ্ঞাপন

Recommended For You