এশিয়া কাপে ব্যর্থতার বিদায়, দায় কার?

বাংলা রিডার ডেস্ক
বাংলাদেশ ক্রিকেট মানেই যেন ব্যাটিংয়ের হরহামেশা ধস। এই ধারাবাহিক ব্যর্থতার ধারাবাহিকতায় এবারও এশিয়া কাপে বিবর্ণ পারফরম্যান্সে বিদায় নিতে হলো টাইগারদের। ব্যাটিং ব্যর্থতার দায় স্বীকার করে নিয়েছেন দলের ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলি অনিক।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃহস্পতিবারের (গতকাল) গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয়ের সমীকরণ ছিল স্পষ্ট—জিতলেই ফাইনাল, হারলেই ছিটকে যাওয়া। দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে মাত্র ১৩৫ রানে আটকে রাখলেও, সেই সহজ লক্ষ্য তাড়ায় ব্যর্থ বাংলাদেশ। ইনিংস থেমে যায় মাত্র ১২৪ রানে, আর তাতেই টুর্নামেন্ট থেকে বিদায়।

ম্যাচ শেষে প্রেজেন্টেশন অনুষ্ঠানে জাকের বলেন, “গত দুই ম্যাচেই আমাদের ব্যাটিং ইউনিট ব্যর্থ হয়েছে। বোলিংয়ে ছেলেরা ভালো করেছে, সেটা আলাদা করে বলতেই হবে। কিন্তু ব্যাটিং ব্যর্থতার কারণে আমাদের বড় মূল্য দিতে হলো—গতকালও, আজকেও।”

লিটন দাসের অনুপস্থিতিতে প্রথমবার আন্তর্জাতিক ম্যাচে অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছিলেন জাকের। কিন্তু ভারতের পর পাকিস্তানের কাছেও একই চিত্র—ব্যাটিং বিপর্যয়ে হার। অধিনায়ক হিসেবে অভিজ্ঞতা সুখকর না হলেও ইতিবাচক মনোভাব ধরে রেখেছেন তিনি।

জাকের বলেন, “অধিনায়কত্ব কিছুটা চ্যালেঞ্জিং ছিল, তবে আমি চেষ্টা করেছি সুযোগ কাজে লাগাতে এবং দলকে ম্যাচে ফেরাতে। মানিয়ে নেওয়ার এবং উপভোগ করার চেষ্টাও ছিল।”

বোলারদের পারফরম্যান্সে সন্তুষ্ট জাকের বিশেষভাবে প্রশংসা করলেন রিশাদ হোসেন ও সাইফ হাসানের।
“আমাদের বোলাররা দারুণ খেলেছে, বিশেষ করে রিশাদ ও সাইফ। সাইফের ব্যাটিং ছিল প্রশংসনীয়, দুর্ভাগ্যজনকভাবে আমরা তাকে যথাযথভাবে সাপোর্ট দিতে পারিনি। পুরো টুর্নামেন্টে বোলাররা আমাদের গর্বিত করেছে।”

এশিয়া কাপ থেকে বিদায় নিয়ে এবার সামনে তাকাতে হবে পরবর্তী চ্যালেঞ্জের দিকে। তবে এই টুর্নামেন্ট আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল—সমস্যাটা এখনো সেই পুরোনো: ব্যাটিং ব্যর্থতা।

বিজ্ঞাপন

Recommended For You