
বাংলা রিডার ডেস্ক
চলতি এশিয়া কাপে ভারতের কাছে হারের পর ফাইনালে ওঠার লড়াই এখন বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে এসে ঠেকেছে। আজ দুবাইয়ে সুপার ফোরের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল। কার্যত এটি একপ্রকার ‘সেমি-ফাইনাল’। যে জিতবে, সে-ই ফাইনালে মুখোমুখি হবে ভারতের।
বাংলাদেশের বোলাররা ভালো করলেও ১৬৮ রানের লক্ষ্যে ব্যাটিং ধসে ৪১ রানে হেরে যায় টাইগাররা। সেই হারে একদিকে যেমন ফাইনালের রাস্তা কঠিন হয়ে পড়ে, তেমনি শ্রীলঙ্কার বিদায়ও নিশ্চিত হয়ে যায়। কারণ লঙ্কানরা তাদের দুই ম্যাচেই হেরেছে।
বাংলাদেশ ও পাকিস্তান উভয়েরই ২ ম্যাচে ২ পয়েন্ট করে। তাই আজকের ম্যাচ যার পক্ষে যাবে, সেই দলই খেলবে ভারতের বিপক্ষে ফাইনালে। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে।
দুবাইয়ে টস হেরে ফিল্ডিংয়ে নেমে শুরুতে ভারতকে চাপে ফেলেছিল বাংলাদেশ। ৩ ওভারে ১৭ রানে আটকে রাখা ভারত পরে পাওয়ার প্লেতে তোলে ৭২ রান। এখানেই ম্যাচের মোড় ঘুরে যায়। এর মধ্যে জাকের আলির একটি ক্যাচ মিস বড় ধাক্কা হয়ে দাঁড়ায়।
তবুও ২০ ওভারে ৬ উইকেটে ১৬৮ রানে ভারতকে থামিয়ে দেয় বাংলাদেশ। শেষদিকে দারুণ বল করেন সাইফউদ্দিন (১ ওভারে ৪ রান) ও সাইফ হাসান (২ ওভারে ৭ রান)। স্পিনার রিশাদ হোসেন টানা দুই ওভারে ২ উইকেট নিয়ে ম্যাচে ফেরান দলকে, পাশাপাশি একটি রান আউটও করেন তিনি।
জবাবে বাংলাদেশ শুরুটা ভালো করলেও এক পর্যায়ে ব্যাটিং লাইনআপ ধসে পড়ে। ওপেনার সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমন কিছুটা লড়লেও বাকিরা ছিলেন নিষ্প্রভ। ইমন ২১ রান করে আউট হন, অন্যদিকে সাইফ হাসান খেলেন ৫১ বলে ৬৯ রানের দুর্দান্ত ইনিংস—যেখানে ছিল ৩টি চার ও ৫টি ছক্কা।
শেষপর্যন্ত ১৯.৩ ওভারে সব উইকেট হারিয়ে বাংলাদেশ থামে ১২৭ রানে। সাইফ ও ইমন ছাড়া কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
এখন ফাইনালে যেতে হলে বাংলাদেশের সামনে একটাই রাস্তা—পাকিস্তানকে হারানো। সুপার ফোরে ভারতের কাছে হারের পর বিশ্রামের সুযোগ না পেয়েই বাংলাদেশের মাঠে নামতে হচ্ছে আজ, যা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।
টাইগার ভক্তরা তাকিয়ে আছেন, আজকের ম্যাচেই হয়তো বদলে যেতে পারে দলের ভাগ্য।



