
বাংলা রিডার ডেস্ক
চাঁদপুর সদর উপজেলায় মাত্র দেড় ঘণ্টার ব্যবধানে দুটি পিকআপ ভ্যানে করে ২০টি গরু চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরচক্র। রোববার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে রামপুর ইউনিয়নের মনিহার মেহের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত খামারি মমিনুল হক জানান, তার খামার থেকে চোরেরা দুধেল গাভী, ষাড় ও বাছুরসহ মোট ২০টি গরু নিয়ে গেছে। এতে করে তার আনুমানিক ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
মমিনুল হক মেহের বাড়ির মৃত আ. খালেকের ছেলে। তিনি বলেন, খামারে মোট ২৬টি গরু ছিল। সোমবার ভোরে খামার থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি ষাড় গরু পাওয়া গেলেও বাকি গরুগুলোর কোনো খোঁজ নেই। চোরেরা নিয়ে গেছে ২টি ষাড়, ৫টি বাছুর ও ১২টি দুধেল গাভী।
ঘটনার আশপাশের এলাকায় থাকা একটি ফার্মেসির সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, রাত ৩টা ২৫ মিনিটে খালি দুটি পিকআপ ট্রাক মনিহার গ্রামের দিকে প্রবেশ করে এবং রাত ৪টা ৪৫ মিনিটে গরু বোঝাই অবস্থায় একই পথে আবার ফিরে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের দিকে চলে যায়।
এই পথটি চাঁদপুরের হাজীগঞ্জের বাকিলা গরুর বাজারের সংযোগ সড়ক হিসেবে পরিচিত, যা চোরচক্রের জন্য সুবিধাজনক রুট হয়ে উঠেছে বলে ধারণা করছেন স্থানীয়রা।
এ ঘটনায় মমিনুল হক চাঁদপুর সদর মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া বলেন, “গরু চুরির ঘটনায় থানায় মামলা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। চোরচক্রকে শনাক্ত ও চুরি হওয়া গরুগুলো উদ্ধারে চেষ্টা চলছে।”
স্থানীয়দের ধারণা, এটি কোনো পেশাদার চোরচক্রের কাজ এবং পূর্বপরিকল্পিতভাবে চুরি সংঘটিত হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে।



