
বাংলা রিডার ডেস্ক
এশিয়া কাপের গ্রুপপর্ব শেষ হচ্ছে আজ শুক্রবার, যেখানে মুখোমুখি হবে ইতোমধ্যে বিদায় নিশ্চিত করা ওমান ও সুপার ফোরে জায়গা করে নেওয়া ভারত। আজকের ম্যাচটি শুধুই আনুষ্ঠানিকতার।
এরই মধ্যে সুপার ফোর পর্বের সূচি প্রকাশিত হয়েছে, যেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে—ভারত পাচ্ছে বাড়তি বিশ্রাম, আর বাংলাদেশকে খেলতে হচ্ছে টানা দুই দিন।
সুপার ফোর পর্ব শুরু হবে আগামীকাল শনিবার, বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে। এরপর বাংলাদেশকে খেলতে হবে টানা ২৪ ও ২৫ সেপ্টেম্বর, যথাক্রমে ভারত ও পাকিস্তানের বিপক্ষে।
অন্যদিকে, ভারত তাদের প্রতিটি ম্যাচের আগে পাচ্ছে বিরতির সুযোগ। ২১ সেপ্টেম্বর প্রথম ম্যাচ খেলবে পাকিস্তানের বিপক্ষে, ২৪ সেপ্টেম্বর বাংলাদেশ ম্যাচের আগে দুই দিনের বিশ্রাম, ২৬ সেপ্টেম্বর তৃতীয় ও শেষ ম্যাচের আগেও একদিনের বিরতি।
শ্রীলঙ্কাও দ্বিতীয় ম্যাচের আগে পাচ্ছে দুই দিনের বিরতি, তবে তাদের যেতে হবে আবুধাবি, যেখানে প্রতিপক্ষ পাকিস্তান। অর্থাৎ, তাদের ভোগাতে পারে ভ্রমণ ক্লান্তি।
সব মিলিয়ে সূচি অনুযায়ী, ভারত সুপার ফোরে তুলনামূলকভাবে সবচেয়ে বেশি বিশ্রাম ও ভ্রমণমুক্ত সুবিধা পাচ্ছে, যা মাঠের পারফরম্যান্সে বড় প্রভাব ফেলতে পারে। বিপরীতে, বাংলাদেশের জন্য এই সূচি শারীরিক ও মানসিক চাপে ফেলতে পারে দলকে।



