ফেলানী হত্যার ১৪ বছর পর ভাই বিজিবিতে যোগ দিলেন

বাংলা রিডার ডেস্ক

২০১১ সালের ৭ জানুয়ারি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত কিশোরী ফেলানী খাতুনের ছোট ভাই আরফান হোসেন এবার বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) যোগ দিয়েছেন।

লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) অধীনে গত ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে তাকে নিয়োগপত্র হস্তান্তর করেন ওই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম।

দেশ-বিদেশে আলোড়ন তোলা ফেলানী হত্যাকাণ্ডের পর ন্যায়বিচারের দাবিতে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে আসছিল তার পরিবার। সেই বেদনাদায়ক অধ্যায়ের মাঝেও নতুন করে আশার আলো দেখছেন তারা।

আরফান হোসেন জানান, “আমার বাবা-মায়ের স্বপ্ন ছিল দেশের জন্য কাজ করব। ফেলানী হত্যার পর থেকেই ইচ্ছা ছিল বিজিবিতে যোগ দেওয়ার। আজ সেই স্বপ্ন পূরণ হয়েছে। আমি দেশের মানুষের জন্য কাজ করতে চাই।”

ফেলানীর বাবা নুর ইসলাম বলেন, “আমার মেয়েকে গুলি করে কাঁটাতারে ঝুলিয়ে রেখেছিল বিএসএফ। সেই দৃশ্য আজও ভোলার নয়। কিন্তু দেশের মানুষ ও বিজিবি সব সময় পাশে ছিল। আজ আমার ছেলে নিজ যোগ্যতায় বিজিবিতে চাকরি পেল—এটাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।”

লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, ফেলানীর পরিবারের পাশে বিজিবি সব সময় ছিল এবং থাকবে। আরফান আগামীকাল (১৯ সেপ্টেম্বর) প্রশিক্ষণ কেন্দ্রে যোগ দেবেন। তিনি আশা প্রকাশ করেন, প্রশিক্ষণ শেষে আরফান একজন দক্ষ সদস্য হিসেবে দেশের সেবায় নিজেকে উৎসর্গ করবেন।

তিনি আরও বলেন, “ফেলানী হত্যার মতো মর্মান্তিক ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য বিজিবি সর্বদা সীমান্তে সতর্ক ও সচেষ্ট রয়েছে।”

বিজ্ঞাপন

Recommended For You