মালদ্বীপ ভ্রমণে যে ৭টি জায়গা মিস করা যাবে না

বাংলা রিডার ডেস্ক
নির্বিকার সৌন্দর্য, স্বচ্ছ নীল পানি, সাদা বালির সৈকত এবং বিলাসবহুল রিসোর্ট—এসবই মালদ্বীপকে করে তুলেছে স্বপ্নের পর্যটন গন্তব্য। ভারত মহাসাগরের বুকে ছড়িয়ে থাকা অসংখ্য দ্বীপের এই দেশটি শুধু প্রকৃতি প্রেমীদেরই নয়, অ্যাডভেঞ্চারপ্রেমীদের কাছেও এক স্বর্গ।

নৌপরিবহন সুবিধা ও তুলনামূলকভাবে কম খরচে গেস্টহাউসের কারণে এখন মালদ্বীপ ভ্রমণ অনেকটাই সহজ হয়েছে। তবে এত কিছু থাকার পরও কিছু জায়গা আছে, যেগুলো না দেখলে আপনার ভ্রমণ অভিজ্ঞতা অপূর্ণই থেকে যাবে। চলুন জেনে নিই মালদ্বীপের এমন ৭টি ‘মাস্ট ভিজিট’ স্থান সম্পর্কে—

মালে সিটি: ঐতিহ্য ও আধুনিকতার সংমিশ্রণ

ভ্রমণের শুরুতেই রাজধানী মালে সিটি দেখে নিতে ভুলবেন না। ঐতিহাসিক স্থাপত্য, সরু রাস্তার পাশে রঙিন বাজার, সমুদ্রঘেরা দৃশ্য এবং প্রাণবন্ত পরিবেশ শহরটিকে করে তুলেছে বিশেষ।
এখানে ঘুরে দেখতে পারেন জাতীয় জাদুঘর, স্থানীয় বাজার, মসজিদ ও বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন।

ভাধু আইল্যান্ড: যখন সমুদ্রেও জ্বলে ‘তারার মেলা’

ভাধু আইল্যান্ড তার বায়োলুমিনেসেন্ট প্ল্যাঙ্কটনের জন্য বিখ্যাত, যা রাতে পানির সঙ্গে আলো ছড়ায়—দেখতে তারার মতো ঝিকিমিকি।
এই দুর্লভ প্রাকৃতিক দৃশ্য সাধারণত গ্রীষ্মের শেষে থেকে বছরের শেষভাগ পর্যন্ত দেখা যায়। তবে একে পুরোপুরি উপভোগ করতে ভাগ্যও সঙ্গে থাকতে হবে!

ইথা আন্ডারওয়াটার রেস্টুরেন্ট: সাগরতলের বিলাস

সাগরের ৫ মিটার নিচে অবস্থিত রেস্তোরাঁ ‘ইথা’ হিলটন মালদ্বীপ রিসোর্ট অ্যান্ড স্পার অংশ। কাচের দেয়ালের মধ্য দিয়ে চারপাশে প্রবাল প্রাচীর ও সামুদ্রিক জীবনের দৃশ্য উপভোগ করতে পারবেন মাত্র ১৪ জন অতিথি।
খাবারের দাম কিছুটা বেশি (প্রতি ডিশ কমপক্ষে ১২০ ডলার), তবে অভিজ্ঞতাটি একেবারেই অনন্য।

হোয়েল সাবমেরিন: সমুদ্রের নিচে এক রোমাঞ্চকর যাত্রা

ডাইভিং না করেও মালদ্বীপের জলের নিচের বৈচিত্র্যময় জগত দেখার সুযোগ দেয় হোয়েল সাবমেরিন। সাবমেরিনটি তিমির মতো দেখতে এবং এটি আপনাকে নিয়ে যাবে প্রবাল প্রাচীর, রঙিন মাছ, কচ্ছপ, এমনকি হাঙরের কাছাকাছি। নিরাপদ ও দারুণ এক রোমাঞ্চক অভিজ্ঞতা!

গ্র্যান্ড ফ্রাইডে মসজিদ: আধ্যাত্মিক ও স্থাপত্যশৈলীর নিদর্শন

মালের অন্যতম আইকনিক স্থাপনা গ্র্যান্ড ফ্রাইডে মসজিদ। সোনালি গম্বুজ, মার্বেল ফিনিশিং এবং ৫ হাজার মুসল্লির ধারণক্ষমতা এটিকে করে তুলেছে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু।
সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মসজিদটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত।

ব্যানানা রিফ: ডাইভারদের স্বর্গ

উপর থেকে দেখতে কলার মতো আকৃতির এই ব্যানানা রিফ মালদ্বীপের সেরা ডাইভিং স্পটগুলোর একটি। প্রবালের রঙিন জগৎ, সামুদ্রিক জীববৈচিত্র্য এবং রহস্যময় গুহা এখানে ডাইভিংকে করে তোলে অতুলনীয় এক অভিজ্ঞতা।হাঙর ও ব্যারাকুডাও মাঝেমধ্যে দেখা যায় এখানে।

ফুলহাদু আইল্যান্ড: নির্জন দ্বীপে প্রকৃতির কোলে

ফুলহাদু আইল্যান্ড—স্বচ্ছ হ্রদ, সাদা বালি, শান্ত পরিবেশ এবং তাল গাছের ছায়ায় ঘেরা এক স্বর্গ। জনবসতিহীন এই দ্বীপে স্নোরকেলিং, স্কুবা ডাইভিং, ডলফিন ও কচ্ছপ দেখার সুযোগ রয়েছে।
শান্তি ও নির্জনতায় সময় কাটাতে চাইলে এটি হতে পারে আপনার আদর্শ গন্তব্য।

মালদ্বীপ শুধু বিলাসিতার নাম নয়, বরং এটি এক অনন্য ভ্রমণ অভিজ্ঞতার প্রতীক। আপনার পরবর্তী ছুটির পরিকল্পনায় মালদ্বীপ থাকলে, এই সাতটি স্থান যেন তালিকা থেকে বাদ না পড়ে!

বিজ্ঞাপন

Recommended For You