
বাংলা রিডার ডেস্ক
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের প্রতিটি ভোটারের আস্থা অর্জনকে বিএনপির অন্যতম প্রধান দায়িত্ব হিসেবে উল্লেখ করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা বলেন।
তারেক রহমান জানান, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে তৃণমূল থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। সংগঠনকে শক্তিশালী করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই তাদের লক্ষ্য।
তিনি বলেন, “দলীয় শৃঙ্খলা নিশ্চিত করতে ইতোমধ্যে ৭০০০-এর বেশি সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। কেউ দুর্নীতির জন্য বহিষ্কৃত, কেউ পদচ্যুত। এসব সিদ্ধান্ত সহজ না হলেও, বাস্তবতার নিরিখে জরুরি ছিল।”
তারেক রহমান বলেন, বিএনপি শুধু বিরোধিতা নয়, বিকল্প নেতৃত্ব দেওয়ার সক্ষমতাও অর্জন করতে চায়। তরুণদের উদ্দেশে তিনি বলেন, “আমরা রাজনীতিকে ক্ষমতার খেলা নয়, সবার অংশগ্রহণে গঠিত একটি মহৎ ক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই।”
তিনি জানান, বিএনপি ৩১ দফা কর্মসূচির ভিত্তিতে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, জলবায়ু পরিবর্তন এবং ডিজিটাল উদ্ভাবনের ওপর ভিত্তি করে আধুনিক নীতিমালা প্রণয়ন করেছে। পাশাপাশি নারীদের, তরুণদের এবং পেশাজীবীদের রাজনীতিতে অন্তর্ভুক্তির ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।
তারেক রহমান আরও বলেন, “আমরা আমাদের ঐতিহ্য ধারণ করেই এগিয়ে যাচ্ছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী খালেদা জিয়ার পথ অনুসরণ করে আধুনিক, শৃঙ্খলাবদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে কাজ করছি।”
তিনি দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান— ঐক্যবদ্ধ ও শৃঙ্খলাবদ্ধ থেকে জনগণের আস্থার প্রতীক হিসেবে বিএনপিকে গড়ে তুলতে। “আপনারা আমার ওপর আস্থা রাখুন, আমিও আপনাদের ওপর আস্থা রাখি—তবেই আমরা প্রমাণ করবো, বাংলাদেশে জবাবদিহিমূলক একটি রাষ্ট্রব্যবস্থা সম্ভব,” বলেন তিনি।



