
বাংলা রিডার ডেস্ক
পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী হানিয়া আমির এবার বাংলাদেশে আসছেন। এক ভিডিও বার্তায় তিনি নিজেই এ খবর নিশ্চিত করেছেন, যা ভক্ত-অনুরাগীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি করেছে।
ভিডিও বার্তায় হানিয়া বলেন, “হাই বাংলাদেশ, আমি হানিয়া বলছি। আমি ঢাকায় আসছি, সবার সঙ্গে দেখা হবে।” এটি হবে তার প্রথম বাংলাদেশ সফর।
হানিয়া আমির পাকিস্তানের শোবিজ অঙ্গনের এক উজ্জ্বল নাম। ‘মুক পেয়ার হুয়া থা’, ‘মেরে হামসফর’, ‘সাং-এ-মাহ’, ‘আন্না’ ও ‘দিলরুবা’-র মতো জনপ্রিয় নাটকে অনবদ্য অভিনয় করে তিনি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। শুধু পাকিস্তানেই নয়, বাংলাদেশেও তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে, বিশেষ করে তরুণদের মধ্যে।
১৯৯৭ সালের ১২ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে জন্ম নেওয়া হানিয়া শুরুতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পরিচিতি পান। এরপর ২০১৬ সালে ‘জানান’ নামের একটি রোমান্টিক কমেডি চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয় ক্যারিয়ার শুরু হয়।
তার প্রাণবন্ত ব্যক্তিত্ব, স্টাইলিশ লুক এবং ফ্যাশন সেন্স তাকে করে তুলেছে পাকিস্তানের সর্বাধিক অনুসরণীয় তারকাদের একজন। বর্তমানে তিনি দেশটির অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী হিসেবেও পরিচিত।
বাংলাদেশ সফর উপলক্ষে তার ঢাকায় আসার সময়সূচি বা অংশগ্রহণ করা অনুষ্ঠানের বিস্তারিত এখনও প্রকাশ না হলেও, ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন প্রিয় অভিনেত্রীকে সামনে থেকে দেখার জন্য।



