
বাংলা রিডার ডেস্ক
চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সম্প্রসারিত পোস্ট অপারেটিভ ওয়ার্ড উদ্বোধন ও উন্নত মানের বেড ও হুইল চেয়ার হস্তান্তরের মধ্য দিয়ে স্বাস্থ্যসেবায় নতুন মাত্রা যোগ হলো। রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের দ্বিতীয় তলায় ফিতা কেটে পোস্ট অপারেটিভ ওয়ার্ডের উদ্বোধন করেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
এ সময় তিনি হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ড, ভিআইপি ও সাধারণ কেবিন, শিশু ওয়ার্ড এসকেনু (নবজাতকদের জরুরি সেবা ইউনিট) ও নবজাতক ওয়ার্ড ঘুরে দেখেন।
প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, “চাঁদপুরে খুব শিগগিরই ৫০০ শয্যার মেডিকেল কলেজের অবকাঠামোগত উন্নয়নকাজ শুরু হবে। মানুষের মৌলিক অধিকারগুলোর মধ্যে স্বাস্থ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসার মান অনেক উন্নত হয়েছে। আমি নিজেও অসুস্থ হলে এখানে চিকিৎসা নিতে স্বাচ্ছন্দ্যবোধ করবো।” তিনি আরও বলেন, “নার্সদের সঙ্গে কেউ খারাপ আচরণ করবেন না, কারণ তারাই রোগীদের সুস্থ করতে সবচেয়ে বেশি ভূমিকা রাখেন।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন ডা. সৈয়দ আহমেদ কাজল।
এছাড়া বক্তব্য রাখেন: চাঁদপুর ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোবারক হোসেন, চাঁদপুর মেডিকেল হাসপাতালের অধ্যক্ষ শায়েলা নাজনিন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, ডা. জাহাঙ্গীর আলম (সাবেক সভাপতি, ডক্টরস অ্যাসোসিয়েশন), ডা. গফুর মিয়া।
উল্লেখ্য, সম্প্রসারিত পোস্ট অপারেটিভ ওয়ার্ডে বর্তমানে ১২টি বেড, হুইল চেয়ার, কার্ডিয়াক মনিটর, অক্সিজেন সাপোর্ট এবং ভ্যাকুয়াম সাকশনসহ আধুনিক চিকিৎসা সরঞ্জাম রয়েছে।


