
বাংলা রিডার ডেস্ক
আগামী বছর (২০২৬) হজে যেতে ইচ্ছুক বাংলাদেশি মুসলমানদের প্রাথমিক নিবন্ধন ১২ অক্টোবরের মধ্যে শেষ করতে হবে। এ সময়সীমা আর বাড়বে না বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিটিআরসি চেয়ারম্যানকে চিঠি দিয়ে অনুরোধ করা হয়েছে—সকল মোবাইল অপারেটরের মাধ্যমে এই তথ্যটি দেশের মোবাইল ব্যবহারকারী মুসলমানদের কাছে বিনামূল্যে খুদেবার্তা (SMS) আকারে পাঠাতে।
চিঠিতে জানানো হয়, সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজের প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে ২৭ জুলাই থেকে এবং চলবে ১২ অক্টোবর পর্যন্ত। নিবন্ধনের জন্য ৪ লাখ টাকা জমা দিতে হবে। পরবর্তীতে হজ প্যাকেজ ঘোষণার পর বাকি টাকা জমা দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
আগামী বছর বাংলাদেশ থেকে ১,২৭,১৯৮ জন হজ পালনে যেতে পারবেন। চাঁদ দেখার ভিত্তিতে ২০২৬ সালের মে মাসের শেষ সপ্তাহে হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে, এখনো পর্যন্ত হজ প্যাকেজ ঘোষণা করা হয়নি। বিমান ভাড়া ও সৌদি আরবে অন্যান্য খরচ চূড়ান্ত না হওয়ায় বিলম্ব হচ্ছে। তবে ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, চলতি মাসের মাঝামাঝি সময়ের মধ্যে হজ প্যাকেজ ঘোষণা করা হবে।
যা মনে রাখবেন প্রাথমিক নিবন্ধনের শেষ তারিখ: ১২ অক্টোবর ২০২৫, নিবন্ধনের জন্য জমা: ৪ লাখ টাকা সময়সীমা আর বাড়ানো হবে না



